‘রোজা’র ফাইনাল সাউন্ডট্র্যাকে ‘মুষড়ে’ পড়েছিলেন এ আর রহমান
“ফাইনাল সাউন্ডট্যাকটি শুনে মন ভেঙে গিয়েছিল। কারণ সেটা খুব বাজেভাবে বানানো হয়েছিল,” বলেন এ আর রহমান
তিন দশক আগে ‘রোজা’ সিনেমার যে গান দিয়ে নিজের ‘জাত’ চিনিয়েছিলেন সুরস্রষ্টা এ আর রহমান, সেই গানগুলোর ‘ফাইনাল সাউন্ডট্র্যাক’ শুনে রীতিমত ‘মুষড়ে’ পড়েছিলেন তিনি।
সিনেমা মুক্তির তিন দশক পর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অস্কারজয়ী এই সুরকার জানিয়েছেন তার ‘আক্ষেপের’ কথা।
“ফাইনাল সাউন্ডট্যাকটি শুনে মন ভেঙে গিয়েছিল। কারণ সেটা খুব বাজেভাবে বানানো হয়েছিল। ৩ থেকে ৪ বার সেটা ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু মুক্তির তারিখ ঘনিয়ে আসায় আমাদের খুব বেশি কিছু করার ছিল না। সাউন্ড কোয়ালিটি সাধারণ মানেরই ছিল।“
গানের লিরিকে শব্দের মান নিয়েও আপস করতে হয়েছিল বলে জানান রহমান।
“সে সময় ভারতে খুব উঁচু মানের সাউন্ড সিস্টেমে মানুষ গান শুনত না। এছাড়া সব স্তরের শ্রোতাদের কথা মাথায় রেখে আমাদের শব্দের মানের সাথে আপস করতে হয়েছিল।“
১৯৯২ সালে মনিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’তে সংগীত পরিচালনা করেন এ আর রহমান। এর দুই বছর আগে থেকে গানগুলো নিয়ে তিনি কাজ করছিলেন।
‘রোজা’ সিনেমার হিন্দি গানগুলো কখনও এসপি বালাসুব্রামানিয়াম, কখনও কেএস চিত্রা, কখনও হরিহরণ, কখনও বা মিনমিনির কণ্ঠে শোনা গেছে। তবে এ আর রহমান চেয়েছিলেন অলকা ইয়াগনিক আর কুমার শানুর গলায় গানগুলো তুলতে।
কিন্তু আজকের অস্কার জয়ী সুরস্রষ্টা রহমান সে সময় ইন্ডাস্ট্রিতে একেবারে ‘আনকোরা’। তার তুলনায় অলকা আর শানু সে সময় ‘স্বনামধন্য’ শিল্পী। সে কারণে তার উপরে ভরসা পাননি এ দুই শিল্পী, তাই ‘হেলায়’ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দুজনেই।
