‘সব কিছু পেছনে ফেলে...’
পর্যটনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন রাজিবুল হোসেন।
তরুণ সমাজকে পর্যটনে উৎসাহিত করতে ‘সব কিছু পেছনে ফেলে...ডেসটিনেশন আননোন’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন রাজিবুল হোসেন।
এ বিষয়ে রাজিবুল গ্লিটজকে বলেন, “বাংলাদেশের মানুষ ও ট্যুরিজমকে বিশ্বের কাছে তুলে ধরার উদ্দেশে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। এতে রয়েছে ছয়টি পর্ব, যার প্রতিটিতে দেখা যাবে বিশ্বব্যাপী পরিচিত একজন বাংলাদেশীকে। মূল পাঁচ চরিত্রে অভিনয় করছেন নবাগত পাঁচ শিল্পী।”
পরিচালক রাজিবুল হোসেন জানান, চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে পাঁচ তরুণকে ঘিরে। পাঁচটি ব্যাগ নিয়ে ভ্রমণ শুরু হয় তাদের। ঘুরে বেড়াতে হয় দেশের নানা প্রান্তে।
পাঁচ তরুণের চরিত্রে অভিনয় করছেন অর্ণব ত্রিপুরা, মল্লিকা জোয়ারদার, সোহেল সিরাজ, অন্তু ও মেঘলা।
ক্রিকেটার সাকিব আল হাসান চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন রাজিবুল।
২৮ জুন, চলচ্চিত্রটির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।
