মানবদয়া
সাভার ট্রাজেডিতে আহত ও নিহতদের পরিবারের জন্য কণ্ঠশিল্পী ও চলচ্চিত্রশিল্পীদের চ্যারিটি অনুষ্ঠান ‘মানবদয়া’।
সাভার ট্রাজেডিতে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ‘মানবদয়া’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা।
৪ জুলাই ওই অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রুনা লায়লা, শাকিলা জাফর, আঁখি আলমগীর, রিংকু, মুন প্রমুখ এবং চলচ্চিত্রশিল্পী ফারুক আহমেদ, মিজু আহমেদ, ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, মিশা সওদাগর, হারুন কিসিঞ্জার, ববি প্রমুখ।
এ বিষয়ে আয়োজক সংস্থাটির ভাইস চেয়ারম্যান সাজাহান আকন্দ গ্লিটজকে বলেন, “অনুষ্ঠানটি আয়োজন করেছি সামাজিক দায়বদ্ধতার কারণে। সাভারের ঘটনায় বহু লোক নিহত হয়েছে, আহত হয়েছে তার চেয়েও বেশি। আহত-নিহতদের অনেকেই হয়তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ওই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা অভিনয় ও কণ্ঠশিল্পী এবং কলাকুশলীরা।”
অনুষ্ঠানে সংগীত, কৌতুক, নাটিকা পরিবেশনা করা হবে বলে জানান সাজাহান আকন্দ।
বসুন্ধরা সিটির কনভেনশন সেন্টার হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠান থেকে সংগৃহীত সমুদয় অর্থ দান করার পরিকল্পনা রয়েছে। সংগ্রহের পরিমাণ বেশি হলে প্রধানমন্ত্রীর তহবিলে জমা করা হবে। তহবিল গঠনের জন্য ট্রাস্ট ব্যাংকে একটা হিসাব খোলা হয়েছে বলেও জানিয়েছেন সাজাহান।
তিনি আরও বলেন, “শিল্পীদের তালিকায় সাবিনা ইয়াসমিন, শাকিব খানের নাম থাকলেও ওই সময় তাদের বিদেশে থাকার সম্ভাবনা রয়েছে। তাই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি।”
