‘জাদুর প্রদীপ’ এর ২১তম প্রদর্শনী
নাট্যদল স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর প্রদর্শনী হবে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।
‘আরব্য রজনীর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত মাইমোড্রামাটির কাহিনির পুনর্বিন্যাস ও নাট্যনির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
এ বিষয়ে দলটির প্রধান সম্পাদক জাহিদ রিপন গ্লিটজকে বলেন, “আলাদিনের আশ্চর্য প্রদীপ কাহিনিটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যস্ত করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর।”
জাদুর প্রদীপে অভিনয় করছেন সুকন্যা, মনির, শ্যামল, রেজাউল, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, সাহান, শাওন, মণি, আলো, মাধুরী, নাবলু, জাহিদ প্রমুখ।
জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির ২১তম মঞ্চায়ন হবে শুক্রবার, ১৪ জুন সন্ধ্যা সাতটায়।
নাটকটির প্রদর্শনীতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।
