পিতা-পুত্রের ধারাবাহিক
বাবা আমজাদ হোসেনের লেখা নাটক ‘কৃষ্ণকলি’-তে পরিচালনা ও অভিনয় করেছেন ছেলে সোহেল আরমান।
বর্ষিয়ান চলচ্চিত্রকার ও লেখক আমজাদ হোসেন রচিত ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’ পরিচালনা করেছেন তার ছেলে সোহেল আরমান। এতে নাম ভূমিকায় রয়েছেন নবাগত অভিনেত্রী বৃষ্টি। পরিচালক সোহেল আরমানের সঙ্গে এতে অভিনয় করেছেন মাসুদ আলী খান, কেএস ফিরোজ, প্রাণ রায়, এসএ হক অলিক, সোমনা সোমা, অহনা, তারেক স্বপন প্রমুখ।
সোহেল আরমান নাটকটি সম্পর্কে বলেন, “বাবা-মা আদর করে কালো মেয়ের নাম রেখেছেন জোছনা। কালো মেয়েটাকে গ্রামের কেউ ভালোবাসে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে সবাই। কেউ কেউ কালো বলে তিরস্কারও করে। একদিন এই কালো মেয়েটির বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের বরসহ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।”
সোহেল আরও বলেন, “এদিকে জোছনার বাবা আতাবুদ্দিন এ দুঃখ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায়। গ্রামের এক যুবক জোছনার বাবাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায় না জোছনাকে। এইভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।”
১১ জুন থেকে সম্প্রচার শুরু হওয়া নাটকটি প্রতি মঙ্গল থেকে শনিবার রাত ১১ টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
