২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে চন্দ্রকলার ২ নাটক

একই সঙ্গে মঞ্চে আসছে চন্দ্রকলা থিয়েটারের দুটি নতুন নাটক

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:33 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

ঢাকার নাট্যদল চন্দ্রকলা থিয়েটার একই সঙ্গে মঞ্চে আনতে যাচ্ছে দুটি নতুন নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ১০ জুন সোমবার সন্ধ্যা ৭টায় স্বল্পদৈর্ঘ্য নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে। ‘ভাংগা সংবাদ’ ও ‘রিহার্সেল’ শিরোনামে দুই নাটকেরই রচনা ও নির্দেশনা  দিয়েছেন দলপ্রধান এইচ আর অনিক।

এ বিষয়ে অনিক বলেন, “দুর্নীতি, অনিয়ম, মৌলবাদের আগ্রাসনসহ চলমান বাস্তবতার আলোকে গড়ে উঠেছে ‘ভাংগা সংবাদ’ নাটকের পটভূমি। অন্যদিকে অজ পাড়াগাঁয়ের একটি সাধারণ থিয়েটার কীভাবে নাট্যচর্চা করে তারই গল্প রয়েছে ‘রির্হাসেল’ নাটকে।”

তিনি আরও বলেন, “দুটি নাটকের ব্যাপ্তি ৩০ মিনিট করে। একই দিনে একই মঞ্চে রয়েছে দুই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। দর্শক দুটি নাটকই উপভোগ করতে পারবেন এক টিকেটে।”

নাটক দুটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান, হৃদয় খান, অনামিকা, রাত্রি, তানভির, লিয়ন, রিমন, সাগর, ইব্রাহিম, হাসান, কায়েস, রিকি এবং এইচ আর অনিক। আরিফুল ইসলামের সেট ও আলোক প্রক্ষেপণে নাটকগুলোর সংগীত পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন এবং রূপসজ্জায় রয়েছেন মাহমুদুল হাসান মাসুম।

সম্প্রতি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনও স্বল্পদৈর্ঘ্য (৩০-৪০ মিনিট সময়সীমার) নাট্য নির্মাণের জন্য বিভিন্ন দলকে উৎসাহিত করছে।

এ বিষয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, “বিভিন্ন দলকে স্বল্পদৈর্ঘ্য নাট্য নির্মাণে উৎসাহিত করার বিষয়ে ফেডারেশনের গেল সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের প্রযোজনা নিয়ে বছরের শেষ দিকে জাতীয় পর্যায়ে একটি উৎসব করার পরিকল্পনা রয়েছে।”