দীর্ঘ ধারাবাহিকে ছন্দা
ধারাবাহিক নাটক ‘একদিন প্রতিদিন’-এ অভিনয় করছেন ছন্দা
অনেকদিন ধরে টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম একটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। শ্যামল ভাদুড়ির রচনায় এবং সৈয়দ জামিমের পরিচালনায় ধারাবাহিকটির শিরোনাম ‘একদিন প্রতিদিন’।
নির্মাতা সুত্রে জানা গেছে, পরিবারকেন্দ্রিক একটি গল্পকে কেন্দ্র করে নাটকটির কাহিনি গড়ে উঠেছে। ময়মনসিংহে পালা করে এই ধারাবাহিকটির শুটিং চলছে। ঈদের পরেই ধারাবাহিকটি এশিয়ান টেলিভিশনে সম্প্রচার শুরু হবে।
এ সম্পর্কে ছন্দা বলেন, “আমি অনেক দিন ধরেই দীর্ঘ ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব পেয়ে আসছি। কিন্তু গল্প এবং আনুষঙ্গিক সব মিলিয়ে এ ধরনের নাটকে কাজ করা হয়ে ওঠেনি। তবে ‘একদিন প্রতিদিন’ নাটকের গল্পটি ভালো লেগেছে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের দীর্ঘ ধারাবাহিকগুলো এক পর্যায়ে কাহিনির ধারাবাহিকতা হারিয়ে ফেলে। কিন্তু এই নাটকের ক্ষেত্রে তা হবে না। তাই ঢাকা থেকে ময়মনসিংহে গিয়েও কাজটি করে আমার ক্লান্তি লাগছে না। বরং প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছি। আশা করি কাজটি অনেক ভালো হবে।”
