চলচ্চিত্র উন্নয়ন ফোরাম গঠিত
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ।
বেঙ্গল ফাউন্ডেশন গঠন করল বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। শনিবার বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোরামের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফোরামের উদ্দেশ্য হবে চলচ্চিত্র নির্মাণ, বিতরণ, প্রদর্শনী ও মানসম্পন্ন সিনেমা হল নির্মাণে সহযোগিতা করা।
এ বিষয়ে ফোরামের আহবায়ক আবুল খায়ের বলেন, “ফোরাম নতুন নির্মাতাদের চলচ্চিত্রে বিনিয়োগের পাশাপাশি সিনেমা হাউজ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ করছে। অন্যদিকে সিনেমা প্রদর্শনের সুযোগসহ চার শতাধিক সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এ বিপুল সংখ্যক প্রেক্ষাগৃহের জন্য মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ জরুরি।”
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের উপদেষ্টা পর্ষদে রয়েছেন আসাদুজ্জামান নূর, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, লুভা নাহিদ চৌধুরী, সাজ্জাদ শরীফ, মানজারে হাসিন মুরাদ, শামীম আখতার, শহীদুল ইসলাম খোকন, রবিন ডেভিস, ক্যাথরিন মাসুদ ও আফসানা মিমি।
সম্মেলনে আরও ঘোষণা করা হয় ফোরাম নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছে ।
