জনমে জন্মান্তর
দেশ নাটকের ‘জনমে জন্মান্তর’ আবারও আসছে মঞ্চে।
দেশ নাটকের ১৬তম প্রযোজনা ‘জনমে জন্মান্তর’ আবারও মঞ্চে আসছে ৩০মে বৃহস্পতিবার। সাহ্যিতিক শহীদুল জহিরের ‘কাঠুরে ও দাঁড়কাক’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন শেখ। তবে এবারের মঞ্চায়নকে রিমেক বলে অভিহিত করেছেন নির্দেশক।
এ বিষয়ে নাসির গ্লিটজকে বলেন, “এ নাটক উপস্থাপনে গীতি-নৃত্য-ছন্দ আর কথা-কাব্য-সুরের আশ্রয় নেওয়া হয়েছে। বলা যায় এর উপস্থাপনা গায়েন রীতির। নাটকটি এর আগে আরও দুইবার মঞ্চায়ন হয়েছিল। সে সময় প্রযোজনাটি ছিল বর্ণনা রীতির।”
শহীদুল জহির-এর ‘কাঠুরে ও দাঁড়কাক’ খেটে খাওয়া সাধারণ মানুষের নিত্যদিনের বঞ্চনার গল্প। নির্দেশকের ভাষায়, সেটাকে এই নাটকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে চাওয়া হয়েছে।
নাটকটি মঞ্চে উপস্থাপনের জন্য নিদের্শক ২৮টি চরিত্র সৃষ্টি করেছেন। অভিনয় করেছেন আশরাফুল আশিষ, জলি চৌধুরী, রাখী, আরিফুল ইসলাম রাজন, গোলাম মাওলা শ্যামল, লরেন্স উজ্জ্বল গোমেজ, গোলাম নবী রাজীব, সজল কুমার খাঁ, শিশির, বিদ্যুৎ প্রমুখ।
সংগীত পরিকল্পনা ও সুরযোজনা করেছেন নির্দেশক নিজেই, তার সহকারী-অসীম কুমার নট্ট। যন্ত্র সংগত করেছেন লরেন্স উজ্জ্বল গোমেজ, অয়ন চৌধুরী, গোলাম মাওলা শ্যামল, খায়রুল।
নৃত্য পরিকল্পনা-রুবায়েদ আহমেদ, সহকারী-মামুন চৌধুরী রিপন, প্রচার-ফাহিম মালেক ইভান এবং প্রযোজনা অধিকর্তা-আনিসুর রহমান বিপ্লব।
