প্রতিচ্ছায়ায় পাঁচ জন
অপূর্ব, সজল, নওশীন, সারিকা ও তানজিকা অভিনয় করেছেন এক টেলিফিল্মে।
জিয়াউল ফারুক অপূর্ব, সজল, নওশীন নাহরিন মৌ, সারিকা জাহান, তানজিকা আমিন-- এই সময়ের পাঁচ অভিনয় শিল্পী নাট্যকার লায়লা আফরোজের পরিচালনায় অভিনয় করেছেন ‘প্রতিচ্ছায়া’ নামে একটি টেলিফিল্মে।
এ বিষয়ে লায়লা গ্লিটজকে জানান, অপূর্ব ও সজল পারিবারিক সূত্রে দুই বন্ধু। একই সঙ্গে বেড়ে ওঠা ও পড়াশোনা। দুজনই পেশায় চিকিৎসক। কিন্তু বন্ধুত্ব সত্ত্বেও দুজনের মধ্যে চলে রেষারেষি। এর কারণ, পারিবারিকভাবে অপূর্বর প্রতি সবসময় একটা চাপ থাকে তার বন্ধুর সাফল্যের প্রতি ইঙ্গিত করে।
তিনি আরও জানান, পরিবারের এসব চাপ কাটিয়েও বজায় থাকে অপূর্ব ও সজলের বন্ধুত্ব। কিন্তু ঘটনাক্রমে, ভালোলাগার মানুষ নিয়েও প্রতিযোগিতায় পড়তে হয় অপূর্বকে।
পরিচালক বলেন, “নাটকটা লেখার সময় অসুস্থ প্রতিযোগিতার প্রতি ইঙ্গিত ছিল আমার। সমাজ ও ব্যক্তিজীবনে এর কী প্রভাব পড়ে তাও তুলে ধরার চেষ্টা করেছি।”
এতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, লাকী ইনাম, জয়শ্রী কর জয়া, রিফাত চৌধুরী, সুষমা সরকার প্রমুখ।
৩০ মে, বৃহস্পতিবার রাত ৮ টায় টেলিফিল্মটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
