Published : 14 Aug 2023, 03:45 PM
দুজনের মধ্যে প্রেম হওয়ার আগেই বলিউডি নায়ক রণবীর কাপুরকে বিয়ে করতে চান বলে প্রকাশ্যে জানিয়েছিলেন আলিয়া; এই নায়িকা এবার বললেন, রণবীরের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ১৮ বছর আগে।
এনডিটিভি জানিয়েছে, হলিউডে আলিয়ার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’ নিয়ে সংবাদমাধ্যমক দেওয়া সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে তার কোথায় প্রথম দেখা হয়েছিল সে কথা জানান আলিয়া।
সালটা ২০০৫, সে সময় অমিতাভ বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ব্ল্যাক সিনেমার শুটিং চলছিল। ওই সিনেমার শুটিং সেটে অডিশন টেস্ট দিতে গিয়েছিলেন আলিয়া, সে সময় তিনি নিতান্তই কিশোরী।
“বিখ্যাত সেই সিনেমায় আমার জায়গা হয়নি। কিন্তু লম্বা এক তরুণের সঙ্গে দেখা হয়েছিল, তিনি রণবীর কাপুর। আমি তাকে কেবল দেখছিলাম,” বলেন আলিয়া।
এর নয় বছর পর ২০১৪ সালে নির্মাতা প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হয়ে আলিয়া সোজাসাপ্টা বলেছিলেন, তিনি অনেকদিন ধরেই রণবীরকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে করতে চান।
আলিয়ার মনের কথা রণবীর জানেন কি না, করণের এই প্রশ্নে তিনি বলেছিলেন, “আমার এই ইচ্ছা সম্পর্কে সবাই জানে। এ বিষয়ে আমি কখনও লুকোছাপা করিনি। তবে রণবীরকে এখনও সরাসরি বলা হয়নি।”
তখন সবাই ধরে নিয়েছিল, প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছেড়ে আলিয়াকে রণবীর বিয়ে করতেই পারেন, তবে সেটি ঘটবে পর্দায়।
কিন্তু মনের ইচ্ছার প্রতিফলন ঘটানো যে সম্ভব, সেটি বাস্তবে করে দেখিয়েছেন আলিয়া। বয়সে ১০ বছরের বড় রণবীরের সঙ্গে কেবল প্রেম নয়, তাকেই বিয়ে করেছেন আলিয়া।
ক্যাটের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর আর আলিয়ার প্রেমের মেয়াদ ছিল পাঁচ বছর। প্রেমের ষষ্ঠ বছরে সিনেমায় জুটি বাঁধার আগেই কাপুর পরিবারের ‘আরকে হাউস’ এ ২০২২ সালে দাম্পত্য জীবনে জুটি বাঁধেন আলিয়া-রণবীর।
গ্যাদত এজন হৃদবান মানুষ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের হলিউড যাত্রা হয়েছে ‘হার্ট অব স্টোন’ সিনেমা দিয়ে। ১১ অগাস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। যে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গল গ্যাদত। আর আলিয়াকে দর্শক পেয়েছে খলনায়িকার চরিত্রে।
তাকে বেছে নেওয়ার জন্য পরিচালক টম হর্পারকে ধন্যবাদ জানিয়ে আলিয়া জানান সিনেমায় তার কাজের অভিজ্ঞতার কথা।
আলিয়া বলেন, “হলিউড বা বলিউড, সব জায়গায় শুটিং সেটে নির্মাতা, অভিনয় শিল্পী এবং অনান্যদের চেষ্টা আসলে এক। সবাই চান, কাজটা ভালো হোক।“
এই সিনেমার শুটিংয়ের সময় আলিয়া ছিলেন অন্তঃসত্ত্বা।
“শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে। কাজ শুরুর সময়ে প্রযোজক, নির্মাতা, এবং গল গ্যাদতব আমার মা হতে চলার খবর জানিয়ে রেখেছিলাম। পরের দিকে অন্যরাও জানতে পারেন। কেউ কখনও বুঝতে দেননি আমি দেশের বাইরের একটি টিমের সঙ্গে কাজ করছি।“
এর আগে গ্যাদতের মুখে আলিয়ার প্রশংসা শোনা গিয়েছিল।
নিজেকে আলিয়ার একজন ‘ভক্ত’ জানিয়ে গ্যাদত বলেন, “অনেক আগে থেকেই আলিয়ার অভিনয় আমার ভালো লাগে। ‘আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি, যিনি দেখতে সতেজ সৌন্দর্যের এবং বিভিন্ন ধরনের চরিত্র করার সক্ষমতা রাখেন। এই সিনেমার জন্য আলিয়াকে একদম নিখুঁত বলব আমি।“
এবার আলিয়া বললেন, গ্যাদতের মত হৃদয়বান মানুষ কম দেখেছেন তিনি।
“আমার মনে আছে, একদিন আউটডোর শুটিংয়ের সময় খুব গরম পড়েছিল। আমি প্রচণ্ড ঘামছিলাম। গ্যাদত বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন যে আমার পর্যাপ্ত পানি খাওয়া দরকার। না হলে গর্ভের শিশুর কষ্ট হবে। সত্যিই তিনি হৃদয়বান।“
‘হার্ট অব স্টোন’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।
পুরনো খবর
রণবীর-আলিয়া: সিনেমার আগেই জীবনে জুটি
রণবীর-আলিয়া বিয়েতে অতিথি কজনা?
আলিয়া-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি
প্রেম ‘ছিল না’, তাই রণবীরকে বিয়ে করেননি অনুশকা
এবার অ্যাকশন দেখালো ‘হার্ট স্টোন’র ট্রেইলার