তারকাজগত ২০১৫: জন্ম-মৃত্যু-বিয়ে
২০১৫ সালে তারকা জগতের অনেকেই সংসারে নতুন অতিথির আগমনের সুসংবাদ দিয়েছেন, সংসারধর্ম পালনে ব্রতীও হয়েছেন অনেকে। এছাড়াও এ বছর আমরা হারিয়েছি বেশ কয়েকজন গুণীজনকে।
ঘরে নতুন অতিথি এলো যাদের
সারিকা করিম-মাহিম করিম
মডেল, অভিনেত্রী সারিকা সাবরিনের ঘটা করে বিয়ের বছর পার করতেই মা হয়েছেন ৪ মে। প্রথম সন্তান মেয়ে, নাম রেখেছেন শাহরিশ আন্নাহ করিম। মেয়ের বাবা ব্যবসায়ী মাহিম করিমকে সারিকা বিয়ে করেন ২০১৪ সালের ১২ অগাস্ট। শোনা যাচ্ছে সারিকা তনয়া ইতোমধ্যে মডেলিংয়ে নাম লিখিয়েছেন।
রিয়াজ আহমেদ-মুশফিকা তিনা
রিয়াজ আহমেদ ও মুশফিকা তিনার ঘর আলো করেছেন আমেরা সিদ্দিকী। তারকা দম্পতির প্রথম সন্তান আমেরার জন্ম ৩০ মে স্কয়ার হাসপাতালে। ২০০৭ সালে বিয়ে করেন রিয়াজ ও তিনা। বিয়ের আট বছর পর এলেন প্রথম সন্তান আমেরা। মা ও সন্তান দুজনেই সুস্থ। তবেএ বছর হাসপাতালে ভর্তি হয়ে শিরোনাম হয়েছেন রিয়াজ।
খায়েম সানু সন্ধি- উর্মি নূর বিনতে গিয়াস
সংগীত নির্দেশক ও শিল্পী খায়েম সানু সন্ধি ১৭ ডিসেম্বর সন্তানের বাবা হওয়ার স্বাদ পেলেন প্রথমবার। প্রথম সন্তান মেয়ে সংস্কৃতি সানু আর তার মা ঊর্মি নূর বিনতে গিয়াস দুজনেই সুস্থ আছেন। এ বছরের ২ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন সন্ধি ও উর্মি।
হারালাম যাদের
নয়ীম গহর
‘জন্ম আমার ধন্য হলো’, ‘পূবের আকাশে ঐ সূর্যে উঠেছে’, ‘নোঙ্গোর তোলো তোলো’— একাত্তরের রণাঙ্গণে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোরস্রষ্টা নয়ীম গহরের মৃত্যু হয় ৬ অক্টোবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি, বয়স হয়েছিল ৯৩ বছর।
নয়ীম গহর ২০১২ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন। ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা পান।
ঔপন্যাসিক, গায়ক, অভিনেতা ও নাট্য রচয়িতা হিসেবেও পরিচিত ছিলেন প্রয়াত এই গীতিকবি। তার মেয়ে ইলোরা গহর অভিনেত্রী হিসেবে সুপরিচিত।
সিরাজুল ইসলাম
বর্ষীয়ান অভিনেতা সিরাজুল ইসলাম চলে গেলেন ২৪ মার্চ। বয়স হয়েছিল ৭৭ বছর। প্রায় সব ধারায় স্বতঃস্ফুর্ত এই অভিনেতার মস্তিস্কে রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটায় মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, এর মধ্যে দুবার স্ট্রোক হয় তার। অভিযোগ ছিল, মৃত্যুর আগে সময়মতো চিকিৎসা পাননি তিনি।
থিয়েটারের গণ্ডি পেরিয়ে মূলত সিনেমায় অভিনয়ে মনোযোগী হয়েছিলেন সিরাজুল ইসলাম। প্রায় তিনশ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
টিভি নাটকেও অভিনয় করেছেন নিয়মিত। তার অভিনীতি শেষ টেলিফিল্ম ‘অসমাপ্ত কবিতার গল্প’ প্রচারিত হয় ২০১৪ সালে।
অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিওর মাধ্যমে। প্রযোজক হিসেবে চাকরীও করেছেন।
প্রয়াত শিল্পী অভিনয় থেকে অবসর নেন ২০১০ সালের দিকে।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’সিনেমায় অভিনয়ের জন্য ১৯৮৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম।
১৯৩৮ সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় জন্ম, জন্মের কিছুকাল পরেই দেশ বিভাগের কারণে ঢাকায় আসেন।
ফরিদা ইয়াসমিন
ইয়াসমিন শিল্পীচতুষ্টয়ীর জেষ্ঠ ফরিদা ইয়াসমিন চলে যান ৮ অগাস্ট, বয়স হয়েছিল ৭৪ বছর। শিল্পী নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন দীর্ঘদিন। শেষবার তাকে নেয়া হয় বারডেম হাসপাতালে। বেশ কয়েক দিন কোমায় ছিলেন প্রথমে।
থ্যালাসেমিয়া এবং যকৃৎ ও হৃদযন্ত্রের সমস্যা ছিল তার।
গত শতকের ষাটের দশকের শেষদিকে জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন অল্প সময়ে। তার অপর তিন বোন ফৌজিয়া খান, নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
পঞ্চাশের দশকের শেষদিকে মূলত গাইতে শুরু করেন কিশোরী ফরিদা। আধুনিক বাংলা গান,সিনেমার গানই গেয়েছেন বেশি। ষাটের দশকে রেডিও ও প্লেব্যাকশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান।উর্দু ভাষার গান, গজলও গেয়েছেন।
তার গাওয়া জনপ্রিয় কিছু গান-- ‘দুটি পাখি একট িনীড়’, ‘চকোরি চকোরি বলো তো কী করি’, ‘কথা দাও ওগো বন্ধু তুমি’, ‘প্রেমেরও নয়ন অন্ধ’, ‘ও প্রিয়তমা ও অনুপম’, ‘ফুলের হাওয়া লাগে বনে ওই’, ‘মন তো নয় আর আয়না’ ইত্যাদি।
রূপালি জগতের জীবন খুবই ছোট, ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল। এরপরই ব্যস্ত হয়ে পড়েন সংসার নিয়ে।
সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনকে বিয়ে করেন শিল্পী। তাদের ছেলে-মেয়েরাও শিল্প-সাহিত্য চর্চায় নিয়োজিত রয়েছেন।
ফরিদা ইয়াসমিনের জন্ম ১৯৪১ সালে, নানাবাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। বাবা লুৎফুর রহমান ছিলেন সরকারি চাকুরে, মা বেগম মৌলুদা খাতুন গৃহিণী। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান।
চাষী নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশী চলচ্চিত্রের নির্মাতা চায়ী নজরুল ইসলাম চিরবিদায় নেন ১১ জানুয়ারী, বয়স হয়েছিল ৭৩ বছর।
জন্মভুমি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে বাবার কবরের পাশে শোয়ানো হয় তাকে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এই নির্মাতার বিভিন্ন অঙ্গে সংক্রমণ এবং ফুসফুস অকেজো হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ল্যাবএইড হসপিটালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বর্ণাঢ্য এক ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ‘ওরা ১১জন’, ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘সুভা’র মতো দর্শক-সমালোচকপ্রিয় কিছু সিনেমা। পরিচালিত শেষ সিনেমা ‘অন্তরঙ্গ’ মুক্তি পেয়েছে এবছর।
১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক।
চাষী নজরুল ইসলামের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগরে। ১৯৬১ সালে চলচ্চিত্র নির্মাতা ফতেহ লোহানীর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ‘আছিয়া’ চলচ্চিত্রে। বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন মহান মুক্তিযুদ্ধে।
রেজাউল করিম আদিল
সত্তর ও আশির দশকের জনপ্রিয় খল-অভিনেতা রেজাউল করিম আদিল চলে গেলেন ৪ অক্টোবর, বয়স হয়েছিল ৭০ বছর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। শিল্পী দীর্ঘদিন ধরেই ডায়াবিটিস আক্রান্ত ছিলেন, হৃদযন্ত্রেও সমস্যা ছিল।
অভিনীত প্রথম সিনেমা ‘এখানে আকাশ নীল’ ১৯৭২ সালে মুক্তি পায়। পরবর্তীতে ‘আকাশনীলা’, ‘তিন টেক্কা’, ‘রাজদুলালী’, ‘চাচ্চু’ ও ‘হনুমানের পাতাল বিজয়’সহ অসংখ্য সিনেমায় খলচরিত্রে অভিনয় করে খলনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০১১ সালে মুক্তি পায় ব্যবসাসফল সিনেমা ‘কোটি টাকার কাবিন’, এটিই ছিল তার অভিনীত শেষ সিনেমা।
‘নসীব’, ‘নীলিমা’ ও ‘উছিলা’ ছবিতে অভিনয় করে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
বেশ কয়েক বছর আগে চলচ্চিত্রকে বিদায় জানানো অভিনেতা আইনজীবী হিসেবে কাজ করতেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন তিনি।
রাশেদ রানা পাপ্পু
কৌতুকাভিনেতা রাশেদ রানা পাপ্পুর হঠাৎ জীবনাবসান ঘটে ২৯ জুন, তার বয়স হয়েছিল ৪৭ বছর। রাজধানীর লালবাগে নিজের বাসায় মারা যান তিনি।
চার মাস আগে হৃদযন্ত্রের সমস্যায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু।অনেক আগে থেকেই এ সমস্যা ছিল তার।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র বদৌলতে ছোট পর্দার চেনা মুখ হয়ে ওঠেন পাপ্পু। লবনের বিজ্ঞাপনে ‘ছিল্যা কাইট্টা লবণ লাগায়া দিমু’ সংলাপটি তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাকে।
নাটক ছাড়াও ১৪টি সিনেমায় অভিনয় করেন এই শিল্পী। অভিনীত প্রথম সিনেমা ‘সুখ’, আরো উল্লেখ করা যায়, ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরাও মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি সিনেমার নাম। অভিনীত সবশেষ সিনেমা ‘ময়নামতির সংসার’।
নাগমা
অভিনেত্রী নাগমা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৮ সেপ্টেম্বর, তার বয়স হয়েছিল ৪০ বছর। বেশকিছু সিনেমা অভিনয়ের জন্য খল নায়িকা হিসেবে খ্যাতি পান নাগমা।
১৯৯০ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ আয়োজনের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘খুনের বদলা’।এরপর দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
তার অভিনীত ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামী গ্রেপ্তার’, ‘স্বামীহারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ প্রভৃতি ব্যবসা সফল।
নাগমার প্রকৃত নাম সালমা আক্তার লিনা, জন্ম সিরাজগঞ্জে।
সায়েম সাদাত
ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপনী সংস্থা থেকে অভিনয়ে আসা সায়েম সাদাতের মৃত্যু বেশ আলোড়ন তোলে। ১১ মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি, বয়স হয়েছিল ২৭ বছর।
হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। মৃত্যুর দশদিন আগে বিয়ে করেন জান্নাত ফেরদৌসকে।
অভিনীত টেলিফিল্ম ‘ভিটামিন টি’, ‘ভালোবাসা ১০১’ এবং দুটি বিজ্ঞাপন তুমুল আলোচিত।
অভিনীত শেষ ধারাবাহিক ‘ঝালমুড়ি’ এখনো নির্মাণ করছেন রেদওয়ান রনি। একই পরিচালকের নির্মিতব্য সিনেমা ‘আইসক্রিম’-এও কাজ করেছেন তিনি।
সায়েমের জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়।
খেয়ালী কর্মকার
চ্যানেল আইয়ের সংগীতভিত্তিক রিয়ালিটি শো ‘সেরা কণ্ঠ’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী খেয়ালী কর্মকার মাত্র ২২ বছর বয়সে মারা যান বছরের একদম শেষ দিকে।
১৬ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়।১৮ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় তার।
মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালী চার বছর বয়স থেকে গান শিখতেন, পড়াশোনা করছিলেন বিদেশী এক বিশ্ববিদ্যালয়ে। ২০১০ সালে ‘সেরা কণ্ঠ’-এ অংশ নিয়ে দ্বিতীয় রানার আপ হন তিনি।
মিঠুন
আশি ও নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন চলে গেলেন ২৫ মে। তার বয়স হয়েছিল ৫৭ বছর। ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন মিঠুন।
মিঠুন ১৯৫৮ সালের ১৮ এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘তরুলতা’ চলচ্চিত্রের মাধ্যমে মিঠুন রুপালি পর্দায় পদার্পণ করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বেদের মেয়ে জোছনা’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘ ‘গৃহলক্ষ্মী’, ‘কসম’, ‘দিদার’। তার রচিত কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত সিনেমার মধ্যে ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ উল্লেখযোগ্য।
একে একে দুই
সুমাইয়া শিমু
বছরে বেশ কয়েকবারই বিয়ের সাজ নিতে হয় সুমাইয়া শিমুকে। তবে সেসবই নকল বিয়ের সাজ।এবার বাস্তব জীবনের বিয়ের সাজে সাজলেন নজরুল ইসলামের জন্য।
বছরের মাঝামাঝি সময়ে দারুণ ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। তবে বরের গায়ের রঙ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকাল হতে হয়েছে শিমুকে।
জিনাত সানু স্বাগতা
এবছর বিয়ের পিঁড়িতে বসেছেন ‘ধন্যি মেয়ে’ খ্যাত কন্ঠশিল্পী, অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। সাঙ্গীতিক পরিবারের সন্তান হিসেবে গান গাওয়ার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে প্রতিভার পরিচয় দিয়েছেন এই শিল্পী। তার স্বামী রাশেদ জামানও মিডিয়া ব্যাক্তিত্ব, পেশায় চিত্রগ্রাহক।
অর্চিতা স্পর্শিয়া
একদিন না একদিন তো বিয়ের পিঁড়িতে বসতেই হতো। সেই কাজটা আগে ভাগে সেরে রাখলেন নবীন মডেল, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন বছরের মাঝামাঝি সময়ে। ঘরোয়া আয়োজনে নির্মাতা রাফসানআহসানের সঙ্গে আংটি-বদল করেন অর্চিতা। একই মাসের শেষে তারা বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠান করবেন নতুন বছরে যেকোনো সময়।
আরেফিন শুভ
ঢাকাই সিনেমার হার্টথ্রব আরেফিন শুভ বছরের শুরুতেই তরুনী ভক্তদের হৃদয় ভেঙ্গে খানখান করে দেন। অর্পিতা সমাদ্দারের সঙ্গে পারিবারিক উদ্যোগে হয়ে গেল বিয়েটা। ১৬ ফেব্রুয়ারি শুভর হাত ধরে বিয়ের পিঁড়িতে বসেন আর্পিতা। অর্পিতা কলকাতার মেয়ে, পড়াশোনা শেষে ফ্যাশন ডিজাইনার হিসেবে আট বছর ধরে কর্মরত রয়েছেন ঢাকায়। তবে দুজনের পরিচয় কলকাতায় এবং সেটা শুভর নাচ শেখার সূত্রে।
এলিটা করিম ও আশফাক নিপুণ
এ বছর নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে সংগীতশিল্পী এলিটা করিম গাঁটছড়া বাধেন। পারিবারিকভাবে আয়োজিত এ বিয়েতে যেন তারার হাঁট বসেছিল।
রোমানা
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা খান যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্যবসায়ী এলিন রহমানকে। এর আগে উপস্থাপক আনজাম মাসুদ ও ব্যবসায়ী সাজ্জাদের সঙ্গে বিয়ে বিচ্ছেদে গড়িয়েছে এ অভিনেত্রীর।
