০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চিরতরের শয্যাশায়ী হয়ে যাওয়ার চিন্তাটা ভয়াবহ: সাইফ

“প্রতিটি দিনই এক আশীর্বাদ, নতুন করে পাওয়া একটি বিষয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 11:41 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

মুম্বাইয়ে ছুরিকাঘাতে গুরুতর হামলার পর বলিউডি অভিনেতা সাইফ আলী খান সবচেয়ে দুঃশ্চিন্তায় ছিলেন স্থায়ীভাবে শয্যাশায়ী হওয়ার শঙ্কা নিয়ে।

বছরের শুরুতে নিজের বাড়িতে হামলার শিকার হন সাইফ। হামলায় তার মেরুদণ্ডের একটি অংশের কাছে ঢুকে যায় ছুরির ফলা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়।

এনডিটিভি লিখেছে এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে কথা বলেছেন সাইফ। 

ছুরিকাঘাতের ঘটনাটি তাকে বদলে দিয়েছে কী না প্রশ্নের উত্তরে সাইফ বলেন, “ঘটনাটি আমাকে গভীর কৃতজ্ঞতার অনুভূতি শিখিয়েছে।”

অস্ত্রোপচার শেষে সাইফের মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা বের করেছিলেন। 

সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, “সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) থেকে ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করা হয়। সাইফ ভাগ্যবান। ওই ছুরিটি যদি মেরুদণ্ডের কাছের ওই জায়গায় আর মাত্র ২ মিলিমিটার ঢুকে যেত, তাহলে তার আঘাতের ভয়াবহতার কোনো সীমা থাকত না। অস্ত্রোপচারে ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে।”

এ বিষয়ে সাইফ বলেন, “কিছুক্ষণ পায়ে অনুভূতি হারিয়েছিলাম। চিরকাল বিছানায় শুয়ে থাকা বা অঙ্গহানির ভয় চেপে বসাটাও ভয়ংকর। এই দুঃশ্চিন্তাও অস্থির করে দেয়।”

সাইফের ভাষ্য, এ ঘটনার পর তিনি উপলব্ধি করেছেন, প্রতিটি দিনই এক আশীর্বাদ, নতুন করে পাওয়া একটি বিষয়। 

বর্তমানে পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন হয়েছেন অভিনেতা। সাইফ নিজে এবং পরিবারের সদস্যরা চলাফেরা করছেন নিরাপত্তাকর্মী বেষ্টিত অবস্থায়।

সাইফকে শেষবার দর্শকরা পেয়েছেন নেটফ্লিক্সের ‘জুয়েল থিফ’ সিনেমায়। কিছুদন হল তিনি হরর-থ্রিলার সিনেমা ‘হাইওয়া’র শুটিং শেষ করেছেন। 

এই সিনেমাটি ‘ওপ্পাম’ সিনেমার রিমেক, যা মুক্তি পাবে আগামী বছর; এতে সাইফের সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সাইয়ামি খের, শ্রেয়া পিলগাঁওকর।

নতুন আরেকটি সিনেমার কাজে চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানিয়েছেন সাইফ। 

কেন স্ট্রেচার, হুইলচেয়ার, অ্যাম্বুলেন্স নেননি সাইফ, বললেন সব