১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুদের জন্য একজোট বিটিআরসি ও সিসিমপুর

এ উদ্যোগের অংশ হিসেবে ১০০ স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরির চেষ্টা করা হবে।

শিশুদের জন্য একজোট বিটিআরসি ও সিসিমপুর

গত ১ এপ্রিল বিটিআরসি ও এসডব্লিউবির মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2024, 05:27 PM

Updated : 04 Apr 2024, 05:27 PM

ইন্টারনেট জগতে শিশুদের নিরাপদ রাখা, ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে শিশু ও অভিভাবকদের উৎসাহী করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে জোট বেঁধেছে সিসিমপুর।

এর অংশ হিসেবে বিটিআরসি পরিচালিত ‘সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ’ প্রকল্পের ১০০ স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরির চেষ্টা করা হবে। সিসিমপুরের বাস্তবায়নাধীন ‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

এ বিষয়ে গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিটিআরসির চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান এবং এসডব্লিউবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল -উর- রহমানও এসময় উপস্থিত ছিলেন।

২০২১ সাল থেকে শিশুদের জন্য ইন্টারনেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরি লক্ষ্যে কাজ করছে সিসিমপুর। ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে ‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

প্রকল্পের আওতায় ইতিমধ্যেই শিশুদের জন্য গল্পের বই, শিশু ও অভিভাবদের জন্য সচেতনতামূলক ভিজ্যুয়াল কনটেন্ট, গেমস তৈরি ছাড়াও বিটিআরসির সাথে যৌথভাবে অভিভাবকদের জন্য প্যারেন্টাল ম্যানুয়াল তৈরি করা হয়েছে।