রংচঙে পোশাকে ছেলের সঙ্গে বসে কী করছেন অমিতাভ?
সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়া ছবি বলছে, ছেলের সঙ্গে নতুন কাজের বার্তা দিচ্ছেন অমিতাভ।
কানে হেডফোন লাগিয়ে সোফায় গা এলিয়ে বসে আছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, পাশে অভিষেক বচ্চন। সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়া এমন একটি ছবি বলছে, ছেলের সঙ্গে নতুন কাজের বার্তা দিচ্ছেন অমিতাভ।
এনডিটিভি লিখেছে, মাইক্রো ব্লগিং সাইট এক্সে ওই ছবি শেয়ার করে দুই লাইন লিখেছেন অমিতাভ।
সেখানে তিনি লিখেছেন, “বাবা-ছেলে দুজনে কাজে বসেছে। শিগগিরই এই জুটি আসছে কোনো দুর্দান্ত কাজ নিয়ে। যদিও একটু দেরি হল, তবে অভিষেকের সঙ্গে কাজ করা পরম আনন্দের।”
পিতা-পুত্রের কাজের সঙ্গে পরিচিত বলিউড। এর আগে তাদের একসঙ্গে দেখা গেছে, ‘বান্টি অউর বাবলি’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘সরকার’, ‘সরকার রাজ’ এবং ‘পা’ এর মত সিনেমায়।
অমিতাভ যে কেবল তার ছেলের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তা নয়, সবসময় ছেলের কাজে উৎসাহও দিয়ে যান তিনি। সোশাল মিডিয়ায় অভিষেকের সিনেমা নিয়ে নানা কিছু লেখেনও।
সম্প্রতি অভিষেকের ‘হাউসফুল ৩’ সিনেমার অষ্টম বার্ষিকী উদযাপিত হয়েছে। সে উপলক্ষে অমিতাভ এক্সে অভিষেকের অভিনয়ের প্রশংসা করে, তার পাশে থাকার কথা বলেন।
এই মুহূর্তে অমিতাভ ব্যস্ত আছেন ‘ভেট্টিয়ান’ সিনেমার শুটিংয়ে। যেখানে দক্ষিণী সিনেমার মহাতরাকা রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন ‘বিগ বি’।
এছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসনের সঙ্গে তার দেখা মিলবে। চলতি মাসের ২৭ তারিখ সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
আর অভিষেককে দেখা যাবে ‘হাউসফুল ৫’ সিনেমায়। সেখানে অভিষেকের সঙ্গে অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রীতেশ দেশমুখ, এবং চাঙ্কি পাণ্ডে কাজ করেছেন।
