১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’, উৎসর্গে রাতুল

‘দ্য কেইজ’ শোতে চ্যাম্পিয়ন হয়ে দলটি তাদের কার্যক্রম শুরু করে। তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’।

রকসল্টের প্রথম গান ‘নিষ্পত্তি’, উৎসর্গে রাতুল
'রকসল্ট' ব্যান্ডের সদস্যরা। ছবি: শোয়াইব রেজা রাজীবের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 10:07 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

রক শিল্পীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘দ্য কেইজে’ গিয়ে গঠিত হয় 'রকসল্ট' নামের একটি ব্যান্ড। এই ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’। আর গানটি তারা উৎসর্গ করেছে প্রয়াত ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুলের স্মৃতির উদ্দেশে।

গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান। গানটি শোনা যাচ্ছে 'রকসল্ট বাংলাদেশ' ইউটিউব চ্যানেলে। 

পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। 

রাতুলকে উৎসর্গ করার কারণ জানিয়ে রাজীব বলেন, "রেকর্ডিংয়ের সময় গানটি প্রথম শোনার সৌভাগ্য হয়েছিল রাতুলের। তার আকস্মিক মৃত্যুতে আমরা থমকে যাই, তাই কয়েকদিন পিছিয়ে ভাইকে উৎসর্গ করে গান প্রচার করা হয়।"   

গানের ভিডিও অ্যানিমিশনেও দেখা গেছে এফিটাপে রাতুলের মৃত্যুর তারিখ ও সামনে দাঁড়িয়ে কারো অপেক্ষা।

গেল বছরের ডিসেম্বরের ৪ তারিখ তৈরি হয় ব্যান্ড 'রকসল্ট'। দলটি তৈরির গল্প জানিয়ে দলের বেজ গিটারিস্ট শোয়াইব রেজা রাজীব গ্লিটজকে বলেন, "রিয়েলিটি শো ‘দ্য কেইজ’ প্ল্যাটফর্ম থেকে আমাদের দলটি তৈরি। গেল বছরের ডিসেম্বরের ১ তারিখে এই শো শুরু হয়, প্রায় ২০০ জন প্রতিযোগী এই শো তে অংশ নেয়। 

"সেখানে থেকে সংগীতের বিভিন্ন ক্যাটাগরিতে যেমন গিটার, ড্রামস, ভোকাল সব মিলিয়ে ৭৯ জন সদস্যকে চূড়ান্ত করা হয়। এই ৭৯ জনের ভিতর থেকে একটা রাউন্ডে আমাদের ১৫ মিনিট সময় দেওয়া হয় যেটা থেকে ব্যান্ড মেম্বার সিলেক্ট করতে হয়। সেখানে থেকে পাঁচজন সদস্য নিয়ে তৈরি হয় এই দল।"  

'রকসল্ট' ব্যান্ডের সদস্যরা। ছবি: শোয়াইব রেজা রাজীবের সৌজন্যে। 

'রকসল্ট' ব্যান্ডের সদস্যরা

রকসল্ট নাম দেওয়ার কারণ কী প্রশ্নে রাজীব বলেন, "আমরা রক ঘরানার গান করব, যেখানে নতুনের সংমিশ্রণ থাকবে, নব্বই দশকের গান থাকবে, এই মিশ্রণ হবে বলে 'সল্ট' নাম দেওয়া হয়।"  

‘দ্য কেইজ’ শোতে চ্যাম্পিয়ন হয়েই দলটি তাদের কার্যক্রম শুরু করে। তাদের প্রথম গান ‘নিষ্পত্তি’। গানটি ২৭ জুলাই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার, বেজিস্ট ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে  রাতুলের মৃত্যুতে গানের প্রচার পিছিয়ে দেওয়া হয়।    

আরও দুইটি গান 'অগ্নিবীণা' ও 'বলো তুমি কে' প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ অ্যালবামের ঘোষণা দেবে দলটি। 

দলটির বর্তমান লাইনআপে রয়েছে সাজ্জাদ আল নাহিয়ান (ভোকাল), গিটারে রাযিন মুহতাদি শিহাব ও অরূপ চৌধুরী, বেজ গিটারে শোয়াইব রেজা রাজীব , সৈয়দ আরিফুল আওয়ান (ড্রামস)।  

আরও পড়ুন: 

'একসাথে থেক': জসিম-রাতুলের ছবি দিয়ে দুই ভাইয়ের হৃদয় ছোঁয়া পোস্ট

বাবা জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল

চিত্রনায়ক জসিমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই