১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শেফালির মৃত্যু: রাত ১০ থেকে ১১টার মধ্যে যা ঘটেছিল

বার্ধক্য ঠেকিয়ে রাখতে ৪২ বছর বয়সী শেফালি যে ওষুধগুলো দীর্ঘদিন ধরে খাচ্ছিলেন, সেগুলোর নাম জানার পর পুলিশ তদন্তে নেমেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর পর কারণ উদঘাটনে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। তদন্তে উঠে এসেছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই শেফালি কিছু ওষুধ ব্যবহার করতেন। 

বিশেষ করে বার্ধক্য ঠেকিয়ে রাখতে ৪২ বছর বয়সী শেফালি যে ওষুধগুলো দীর্ঘদিন ধরে খাচ্ছিলেন, সেগুলোর নাম জানার পর পুলিশ চিকিৎসকের একটি দলকে তাদের তদন্ত কাজে যুক্ত করেছে। 

এনডিটিভি লিখেছে, পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা শেফালির বাড়ি থেকে গ্লুটাথিয়ন ( শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বর্ণ উজ্জ্বলকারী), ভিটামিন সি ইনজেশন এবং অ্যাসিডিটির ওষুধ উদ্ধার করেছে।

‘কাঁটা লাগা’ গান দিয়ে ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন শুক্রবার। 

মুম্বাইয়ের বাড়িতে শুক্রবার রাতে শেফালি অসুস্থ হয়ে পড়লে তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও দুই ঘনিষ্ঠ বন্ধু তাকে শহরের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছানোর আগেই অভিনেত্রীর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে আসার পর তারা শেফালির মৃত্যুর কারণ জানাতে পারবেন।

আর শেফালির স্বামী পরাগ সংবাধমাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রী ‘কার্ডিয়াক অ্যারেস্টের’ শিকার হয়ে মারা গেছেন।

পুলিশের উপস্থিতিতে রোববার শেফালির শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। এ সময় পরাগ স্ত্রীর জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।

পরাগ ত্যাগী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, শুক্রবার সারা দিন শেফালিকে দেখে অসুস্থ মনে হয়নি। কিন্তু রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালি অসুস্থ হয়ে পড়েন। এরপর সংজ্ঞা হারান এবং তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশ জেনেছে, শুক্রবার সারাদিন না খেয়ে ছিলেন শেফালি, কারণ বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়েছিল।

অচেতন হয়ে পড়ার কিছু সময় আগে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেয়েছিলেন তিনি। যে খাবারটি একদিন আগে রান্না করা। 

পরাগ ত্যাগী বলেন, “বাড়িতে পূজার আয়োজনের ব্যস্ততা ছিল। ওই ব্যস্ততার মধ্যে শেফালি এক দিন আগের রান্না করা কিছু খাবার খেয়েছিল। ওই খাবার খাওয়ার পরপরই শেফালি অসুস্থ হয়ে পড়ে।”

ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে পায়নি পুলিশের কর্মকর্তারা। ঘটনাটির তদন্তকে গুরুত্ব দিতে কর্তৃপক্ষ কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করে রেখেছে।

একই সঙ্গে তদন্তের প্রয়োজনে শেফালি যে দোকান থেকে নিজের ও পরিবারের সদস্যদের জন্য নিয়মিত ওষুধ কিনতেন, সেই দোকানের ফার্মাসিস্টকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শেফালির জন্ম মুম্বাইয়ে ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর। গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি নেন তিনি।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগার’ রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি।

সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধির’ গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি।

সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় ক্যামিও চরিত্রেও অভিনয়ে পাওয়া গেছে শেফালিকে।

ক্যারিয়ারে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।

তবে হঠাৎই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মৃগীরোগে ভুগছেন।

এ কারণে বেছে বেছে কাজ নিতেন তিনি। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন শেফালি।

শেফালি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পনেরো বছর বয়সে আমি প্রথম মৃগীরোগে আক্রান্ত হই। এই রোগ বয়ে নিয়ে চলা একটা চ্যালেঞ্জ। ঘন ঘন মেজাজ বদল, উদ্বেগজনিত সমস্যা আমার স্কুলজীবন ও সামাজিক মেলামেশাকেও প্রভাবিত করেছিল। অসহায় লাগত, কোনও আশা দেখতে পেতাম না। আমার আত্মবিশ্বাসও খুব কমে গিয়েছিল।”

কেবল অভিনয় নয়, মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে খোলামেলা কথাও বলেছেন তিনি।

'কাঁটা লাগা' গানের শেফালি ভুগছিলেন জটিল রোগে