‘কাঁটা লাগা’ গানের শেফালি ভুগছিলেন জটিল রোগে
চিকিৎসকেরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে শেফালির মৃত্যুর কারণ জানা যাবে।
‘কাঁটা লাগা’ গান দিয়ে ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন।
‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ শুক্রবার রাতে তার মৃত্যু হয় বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া; তার বয়স হয়েছিল ৪২ বছর।
মুম্বাইয়ের বাড়িতে শেফালি অসুস্থ হয়ে পড়লে তার স্বামী পরাগ ত্যাগী ও দুই ঘনিষ্ঠ বন্ধু তাকে শহরের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছানোর আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
তারপর কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় শেফালির মরদেহ।
চিকিৎসকেরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে শেফালির মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে।
শেফালির মৃত্যুতে বলিউডে তার সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
শেফালির জন্ম মুম্বাইয়ে ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর। গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি নেন তিনি।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগার’ রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি।
সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধির’ গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি।
সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় ক্যামিও চরিত্রেও অভিনয়ে পাওয়া গেছে শেফালিকে।
ক্যারিয়ারে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।
তবে হঠাৎই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মৃগীরোগে ভুগছেন।
এ কারণে বেছে বেছে কাজ নিতেন তিনি। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন শেফালি।
শেফালি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পনেরো বছর বয়সে আমি প্রথম মৃগীরোগে আক্রান্ত হই। এই রোগ বয়ে নিয়ে চলা একটা চ্যালেঞ্জ। ঘন ঘন মেজাজ বদল, উদ্বেগজনিত সমস্যা আমার স্কুলজীবন ও সামাজিক মেলামেশাকেও প্রভাবিত করেছিল। অসহায় লাগত, কোনও আশা দেখতে পেতাম না। আমার আত্মবিশ্বাসও খুব কমে গিয়েছিল।”
কেবল অভিনয় নয়, মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে খোলামেলা কথাও বলেছেন তিনি।
