সিনেমার গল্পের মত যার জীবন নিয়ে সিনেমা
কিরণ বেদিকে নিয়ে তৈরি বায়োপিক মুক্তি পাবে আগামী বছরের আন্তর্জাতিক নারী দিবসে।
ভারতের প্রথম নারী পুলিশ কর্মকর্তা কিরণ বেদির ব্যক্তি এবং পেশাগত জীবন পর্দায় আসছে। আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে বায়োপিক তৈরি করছেন পরিচালক কৌশল চাওলা।
পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বায়োপিক নির্মাণের কথা কিরণ বেদি নিজেই জানিয়েছেন।
১৯৭২ সালে পুলিশের আইপিএস কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন কিরণ বেদি। প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে ভারতের ইতিহাসে নাম তিনি লেখান।
কিরণ বেদি তার দীর্ঘ কর্মজীবনে মাদক, দুর্নীতি, জেলের সংস্কারসহ নানা অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সংগ্রামকে বলা হত সিনেমার গল্পের মত। এখন সেই গল্প উঠে আসবে সিনেমার পর্দায়।
প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম স্লেট পিকচার্স একটি বিবৃতিতে জানিয়েছে, সাবেক এই পুলিশ কর্মকর্তার জীবনের বহু ঘটনা চাপা পড়ে আছে। যা সমাজের প্রয়োজনে সামনে আনা প্রয়োজন। সে সব ঘটনায় উঠে আসবে অপরাধ দমনে একজন কর্মকর্তার ন্যায়-নিষ্ঠা, দৃঢ়তা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রতিকূলতার কথা।
কিরণ বেদি বলেছেন, তার বায়োপিকের পেছনে পরিচালক কুশল চাওলা সাড়ে চার বছর ধরে গবেষণা করেছেন। এছাড়া এর আগেও তাকে নিয়ে বায়োপিকের প্রস্তাব এসেছিল বলেও জানান তিনি।
কিরণ বেদি বলেন, “আমি তখন পুদুচেরিতে, কাজের সূত্রে। কৌশল ও তার বাবা গৌরব চাওলা আমার সঙ্গে দেখা করে জানান আমার জীবনীচিত্র বানাতে চান তারা। কিন্তু তখন আমি চাকরিতে ছিলাম। তাই সিনেমা বানানোর সিদ্ধান্তে সায় দিতে পারিনি। কিন্তু তারা দমে যাননি। পরে হয়ত কাজটি করা সম্ভব হবে এই ভেবে প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছিলেন কৌশল।"
কৌশল তার সিনেমার নাম দিয়েছেন ‘বেদি: দ্য নেম ইউ নো, দ্য স্টোরি ইউ ডোন্ট’। বেদির চরিত্রে কে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়নি এখনও।
কিরণ বেদির কাছে পিংকভিলার প্রশ্ন ছিল, নিজের চরিত্রে তিনি কাকে দেখতে চান?
তার উত্তর, “এ ভাবে বলা শক্ত। তার থেকে বরং এই দায়িত্ব পরিচালক এবং প্রযোজকরাই নিন। তবে প্রয়োজনে সমীক্ষা করা যেতে পারে এই বিষয়ে।
সিনেমার গল্প নিয়ে কিরণ বেদি বলেন, " গল্পটি কেবল আমার নয়, এটা ভারতের নারীদের গল্প। সংগ্রামের গল্প। যে সংগ্রামে নারীদের বিপক্ষ শক্তি সবসময় পুরুষরাই হয় তা নয়। পরিবার সমাজের অনেকেই নারীদের পেছনে টেনে ধরতে উঠেপড়ে লাগে। এটি সেই লড়াইয়ের গল্প।"
নিজের সম্পর্কে তার ভাষ্য, " নয় বছর বয়স থেকে নানা ঘটনার মধ্যে দিয়ে বেড়ে উঠেছি। আমার বাবা বলতেন জীবন মানুষের হাতের মুঠোয়। কেউ চাইলে তার জীবনকে ওপরের দিকে নিয়ে যেতে পারে, চাইলে পতনও হতে পারে। আর মা বলতেন, জীবন এমন একটা ব্যাপার, যেখানে শুধু দিয়ে যেতে হয়, গ্রহণ করা যায় সামান্য। আমি চেষ্টা করেছি জীবনকে বহমান রাখতে।"
সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরে। কারণ ২০২৫ সাল আন্তর্জাতিক নারী দিবসের ৫০তম বার্ষিকী। তাই প্রথম ভারতীয় নারী পুলিশ কর্মকর্তার বায়োপিকের জন্য এই বছরটিই বেছে নিয়েছেন নির্মাতারা।
নারী দিবসে সিনেমা মুক্তির তারিখ ঠিক করায় পরিচালকের ভাবনার তারিফ করেছেন কিরণ বেদি।
বেদি ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন দিল্লির চাণক্যপুরীতে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। সাত বছরের মাথায় ১৯৭৯ সালে তিনি কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক জেতেন।
বেদি পরে পশ্চিম দিল্লিতে বদলি হন। সেখানে তার কাজের জীবনের গুরুত্বপূর্ণ সময় গেছে। নারীপাচার, নারী সহিংসতা কমাতে তিনি বিশেষ কিছু কাজ করেন।
পরবর্তীতে বেদিকে দিল্লি কারাগারে ইন্সপেক্টর জেনারেল করা হয়। এবং তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান।
বেদিই প্রথম ভারতীয় ও প্রথম নারী পুলিশ হিসেবে জাতিসংঘের পুলিশপ্রধান এবং জাতিসংঘের শান্তি অপারেশন বিভাগে পুলিশ উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ পান। তিনি ২০০৭ সামাজিক কর্মকাণ্ড ও লেখালেখি করার জন্য চাকরি ছাড়েন। গড়ে তোলেন ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশন।
