কাজের জন্য কখনো সৃজিতকে সুপারিশ করতে বলব না: মিথিলা
মিথিলার ভাষ্য, সৃজিতের ‘মায়া’ সিনেমা দেখার সময় হয়নি তার।
‘মায়া’ সিনেমায় মুখ্য চরিত্র নিয়ে পশ্চিমবঙ্গের বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলা অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা নিজেকে একজন ‘স্বাধীনচেতা’ মানুষ বলেই মনে করেন। তার ভাষ্য, কাজ পাওয়ার জন্য চলচ্চিত্র নির্মাতা স্বামী সৃজিত মুখার্জির কাছে তিনি কখনোই ধর্না দেবেন না।
মিথিলা বলেছেন, যোগ্যতা থাকলে কাজের প্রস্তাব এমনিতেই পাবেন বলে দৃঢ় বিশ্বাস আছে তার।
পশ্চিমবঙ্গে ‘মায়া’ মুক্তি পেতে যাচ্ছে ৭ জুলাই। শেক্সপিয়ারের ম্যাকবেথে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজর্ষি দে। মূল চরিত্র, অর্থাৎ ‘মায়া’ হয়ে অভিনয় করেছেন মিথিলা। মূলত লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা এই ‘মায়া’ চরিত্র।
সিনেমা মুক্তি সামনে রেখে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন মিথিলা।ওই সাক্ষাৎকারে তার দিনকাল, ঢাকা-কলকাতার কাজের পরিবেশের পার্থক্য, বাংলাদেশের সিনেমার হালচাল এবং নিজের কাজ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
২০১৯ সালের শেষ দিকে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। গত চার বছরে ঢাকা ও কলকাতার কয়েকটি সিনেমায় মিথিলা কাজ করলেও সৃজিতের কোনো সিনেমায় এখন পর্যন্ত তার দেখা মেলেনি।
সৃজিতের একটি ফোনে মিথিলা কলকাতায় অনেক কাজ পেতে পারেন- আনন্দবাজারের এমন কথায় মিথিলার সরাসরি উত্তর, “আমি কখনো সৃজিতকে আমাকে ওর ছবিতে নেওয়া কিংবা আমার হয়ে কাউকে সুপারিশ করতে বলবই না। কারণ আমি খুবই স্বাধীনচেতা। জীবনে এ পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে এবং নিজের যোগ্যতায়। তাই আমি যোগ্য হলে আমার কাছে কাজের প্রস্তাব আসবে।“
কলকাতার কাজের প্রস্তাব সৃজিত হয়ে তারপর মিথিলার কাছে আসে কি না প্রশ্নে মিথিলা হেসে উঠে বলেন, “কারও কাছে আমার নম্বর না থাকলে তিনি সৃজিতের থেকে আমার নম্বরটা চেয়ে নেন। কিন্তু প্রস্তাবটা আমার ফোনেই আসে। “
আনন্দবাজারের প্রশ্ন ছিল, ‘মায়া’ নিয়ে সৃজিতের প্রতিক্রিয়া কেমন ছিল। এর জবাবে উল্টো প্রশ্ন রেখে মিথিলা বলেন, “আচ্ছা, সৃজিতের অন্য কিছু নিয়ে কোনো কথা বলার সময় আছে কি! ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। সারা দিনই তো শুটিংয়ে। আমাকে কিছুই বলেনি।“
গতবছর কলকাতার নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ সিনেমায় ক্যামিও চরিত্রে কাজ করেছের মিথিলা। মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।
তবে ‘মায়া’তে মুখ্য চরিত্র পাওয়ায় এবার বেশি আলোচনা চলছে মিথিলাকে ঘিরে। গত বছরের ডিসেম্বরে ভারতের হায়দরাবাদে ‘পঞ্চম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে’ দেখানো হয় মায়া।
পশ্চিমবঙ্গে প্রথম সিনেমা মুক্তির অনুভূতি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “প্রচণ্ড একসাইটেড, তার সঙ্গেই একটু নার্ভাস লাগছে। দর্শকের আমার অভিনয় কেমন লাগবে সেটা ভেবেই একটু ভয় লাগছে।
“সিনেমায় আমাকে দর্শক একটু অন্যভাবেই দেখতে পাবেন। মিথিলা নয়, তারা মায়াকে দেখবেন। “
‘মায়া’ চরিত্রে অভিনয় ‘কঠিন ছিল’ জানিয়ে মিথিলা বলেন, “এই চরিত্রটার অনেকগুলো স্তর রয়েছে। অনেকগুলো লুক রয়েছে। সব মিলিয়ে চরিত্রটার জার্নি খুব সহজ নয়। তাই আলাদা মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল।“
কলকাতায় নিজের অভিনয় পর্ব শুরুর ইতিহাসও সাক্ষাৎকারে তুলে ধরেন মিথিলা। জানান, বিয়ের আগে তিনি প্রতিবেশী দেশটিতে পা রাখেননি। আর সেখানে বসবাসের কথাও তার মাথায় ছিল না, সেখানে অভিনয় করার পরিকল্পনা অনেক দূরের ব্যাপার। কিন্তু বিয়ের পর বদলেছে কাজের ছক।
“২০২০ থেকে যখন থাকতে শুরু করলাম, তখন বুঝলাম, থাকতে গেলে কিছু কাজ তো করতে হবে। সেই ভাবনা থেকেই টুকটাক কাজ করা শুরু করি। অভিনয় নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। আজ টলিউড, তো কাল বলিউড, এ রকম কোনও ইচ্ছা আমার নেই। প্রস্তাব এলে নেহাত ভালো লাগার জায়গা থেকে অভিনয় করি।“
তাছাড়া একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করায় পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয় জানিয়ে মিথিলা বলেন, চাকরি তার প্রধান গুরুত্বের জায়গা। চাকরির জন্য তিনি অনেক সময় বহু কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
মহামারীর পর সাড়া তোলা সিনেমা ‘হাওয়া’ এবং এই ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রসঙ্গ ধরে দেশের চলচ্চিত্রের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে আশার কথা জানান মিথিলা।
তিনি বলেন, “এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের ছবি এবং ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে। সারা বিশ্বে আমাদের কাজ প্রশংসিত হচ্ছে। আসলে এফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন) পুরনো কাঠানোর মধ্যে ভালো কাজ হচ্ছিল না। এখন ছোট পর্দার সেরা পরিচালকরা বড় পর্দায় ছবি করছেন। নতুন নতুন ভাবনার আদানপ্রদান হচ্ছে। ফলে বাংলাদেশে এখন স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে জোয়ার এসেছে।“
ঢাকার শিল্পীদের মধ্যে কাজের সূত্রে পারস্পরিক ‘রেষারেষি’ কেমন জানতে চাইলে মিথিলা বলেন, “বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই তো আজ সকালেই চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার কথা হল। আমার মনে হয়, বাংলাদেশের শিল্পীরা একে অপরকে অনেক বেশি অনুপ্রাণিত করেন।“
আরও পড়ুন
