সৃজিত-মিথিলার প্রশ্নোত্তর পর্বে জমে উঠল কলকাতা চলচ্চিত্র উৎসব
‘‘শিল্পের মান অবশ্যই ঠিক রাখা সম্ভব । বাজারের চাহিদা মাথায় রেখে যেমন ভাল কাজ করা সম্ভব, তেমনই বিপরীতটাও সত্য।” - সৃজিত মুখোপাধ্যায়
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নবম দিনটি জমে উঠেছিল সৃজিত মুখোপাধ্যায় আর রাফিয়াত রশিদ মিথিলার প্রশ্নোত্তর পর্বে।
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক মানস মুকুল পাল, অরিন্দম শীল, প্রসূন চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও রাজ চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই আলোচনার এক পর্যায়ে সঞ্চালক সৃজিতকে দর্শক সারি থেকে প্রশ্ন করে বসেন তার স্ত্রী, বাংলাদেশের অভিনেত্রী মিথিলা । আর তাদের ওই প্রশ্নোত্তর পর্বটি চুটিয়ে উপভোগ করেন দর্শকরা।
মিথিলার প্রশ্ন ছিল: “কম সময়ের মধ্যে বছরে দু-তিনটি ছবি বা ওয়েব সিরিজ় তৈরির বাধ্যবাধকতায় শিল্পের মান কি সব সময় ঠিক রাখা সম্ভব?”
প্রশ্ন শুনে সৃজিত লজ্জা পেয়ে বলেন, “বুঝতে পারছি প্রশ্নটা আমার উদ্দেশে।”
তাকে থামিয়ে দিয়ে অরিন্দম শীল বললেন, “সৃজিত সব শেষে উত্তর দেবে। কারণ ও শেষ কথা বলে।”
আনন্দবাজার লিখেছে, নন্দন চত্বরের বাংলা আকাদেমির সভাকক্ষে শ্রোতারা মুখিয়ে ছিলেন সৃজিতের উত্তর শোনার জন্য।
উত্তরে তিনি বলেন, “শিল্পের মান অবশ্যই ঠিক রাখা সম্ভব। বাজারের চাহিদা মাথায় রেখে যেমন ভালো কাজ করা সম্ভব, তেমনই বিপরীতটাও সত্য।”
বুধবার কলকাতা চলচ্চিত্র উৎসবে টালিগঞ্জের সিনেমাওয়ালারা ‘নতুন যুগের চলচ্চিত্র ভাষা’ নিয়ে আলোচনায় বসেছিলেন। প্রসূনের মতে, সিনেমার নতুন ভাষা জানা নেই তার। কাহিনি এবং চিত্রনাট্যের ওপরই নির্ভর করে সিনেমার ভাষা।
তিনি বলেন, সিনেমার ক্ষেত্রে আপস না করার চেষ্টাও কখনও কখনও সিনেমাকে নতুন দিকে নিয়ে যায়।
“কয়েক বছর ধরে বিপ্লবী দীনেশ গুপ্তর ‘বায়োপিক’ তৈরির চেষ্টা করছি। শুধুমাত্র আপস করব না বলে প্রযোজকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।”
সৃজিত এ সময় যোগ করেন, “বাজারের চাহিদার বাইরে থেকে ছবি তৈরি করে তারপর প্রসূনের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অর্থাৎ, ও আবার সিস্টেমে ফিরে এসেছে। আমার মতে, এটাই সিনেমার নতুনত্ব।”
এদিকে অরিন্দমের কাছে মনে হয়েছে, পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ সিনেমাটি হয়ত চলচ্চিত্রের নতুন ভাষা দিতে পেরেছে। কারণ পরিচালক সিনেমাটি তৈরি করেছেন পাকিস্তানে বসে, তাতে ছুড়ে দিয়েছেন নারী ক্ষমতায়নের বার্তা।
বিপরীতে রাজ বলেছেন অন্য কথা। তার ভাষায়, “শুনতে খারাপ লাগলেও আমার কাছে সিনেমা মানে ব্যবসা। আমার কাছে সেই চিত্রনাট্যই গুরুত্ব পায়, যা দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনবে।”
তবে সব শেষে সৃজিত আলোচনায় ইতি টানলেন এই বলেই যে, “পরিচালকের মূল উদ্দেশ্য হওয়া উচিৎ ভালো সিনেমা তৈরি করা। সেটা করতে পারলে সিনেমাতে স্বাভাবিকভাবেই নতুন ভাষা তৈরি হবে।”
২০১০ সালে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ নির্মাণ করে আলোচনায় আসেন সৃজিত। পরে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘ভিঞ্চি দা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘গুমনামি’, ‘জাতিস্মর’-এর মতো প্রশংসিত সিনেমা এসেছে তার হাত দিয়ে।
২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সৃজিত।
