১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে 'সেরা সমালোচক পুরস্কার' জিতল ‘মানুষের বাগান’

সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে এই বছরেই।

যুক্তরাষ্ট্রে 'সেরা সমালোচক পুরস্কার' জিতল ‘মানুষের বাগান’
‘মানুষের বাগান’ সিনেমার দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 10:26 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে 'সেরা সমালোচক পুরস্কার' জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’।  

বিজ্ঞপ্তিতে সিনেমার পরিচালক নুরুল আলম আতিক বলেন, উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন, “সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে। প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমাটি উপভোগ করেন এবং বেশ প্রশংসা করেন।”

এর আগে ভারতের রাজধানীতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। 

বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার প্রীতি রহমান। 

‘মানুষের বাগান' সিনেমাটি চলতি বছরের শুরুতে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। চলতি বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। 

একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে আতিক সিনেমাটি নির্মাণ ও সম্পাদনা শেষ করেন ২০১৯ সালের শেষের দিকে। 

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।

‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরেছেন। সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা।

সিনেমায় ‘মানুষের বাগান’ শিরোনামের একটি গান রয়েছে। গানটি করেছে চিরকুট ব্যান্ড। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ, যিনি চিরকুটের তুমুল জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটির কথা লিখেছিলেন।