২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পপাই’ ব্যান্ডের প্রথম একক কনসার্ট মুক্তিযুদ্ধ জাদুঘরে

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আগামী ২৪ মে ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’ শীর্ষক একক কনসার্টে গাইবে ‘পপাই বাংলাদেশ’।

‘পপাই’ ব্যান্ডের প্রথম একক কনসার্ট মুক্তিযুদ্ধ জাদুঘরে
রাফফান ইমাম

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 08:41 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

তিনি গাইছেন দুই দশকের বেশি সময় ধরে, বের হচ্ছে অ্যালবাম, বিদেশের মাটিতে কনসার্টও করেছেন কয়েকবার। কিন্তু দেশে খোলা মঞ্চে তার একক পরিবেশনা নেই। এবার সেই একক কনসার্ট ঢাকায় হতে চলেছে। 

এই শিল্পীর নাম রাফফান ইমাম, ডাক নাম পপাই। এই নাম থেকে গানের দুনিয়ায় তিনি পরিচিত ‘পপাই বাংলাদেশ’ নামে। এই নামে সাতজনকে নিয়ে একটি ব্যান্ডও গড়েছেন তিনি। 

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আগামী ২৪ মে ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’ শীর্ষক একক কনসার্টে গাইবে ‘পপাই বাংলাদেশ’। গানের অনুষ্ঠানের আয়োজন করেছে ইভেন্টহোলিক। ওই কনসার্টে টানা দুই ঘণ্টা গান গেয়ে শোনাবেন পপাই ও তার দলের ছেলেরা।

রাফফান গ্লিটজকে বলেন, “আমি যেহেতু সচারাচর বাংলাদেশে থাকি না। খুব একটা কনসার্টও করা হয় না। করলেও আলাদা কনসার্ট করার সুযোগ হয়নি। অনেক শোতে ভক্তদের অনুরোধ রেখে গান করাটা কঠিন হয়ে যায়। এই কনসার্টে প্রায় ২ ঘণ্টার মত পারফর্ম করব। আমরা সবগুলো গানই করার সময় পাব।"     

‘নেশার বোঝা’, ‘ভালোবাসা বাকি’, ‘অপার্থিব’, ‘বিষণ্ন সুন্দর', ‘ভাবালে’ শিরোনামের গানগুলো গেয়ে পরিচিতি পেয়েছেন শিল্পী রাফফান ইমাম।

তার প্রথম একক অ্যালবাম ‘আমার স্বর্গ’ প্রকাশ হয় ২০১০ সালে। এরপর ২০১৫ সালে এসেছে দ্বিতীয় অ্যালবাম ‘যা ইচ্ছে তা’। 

দেশে ছেড়ে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি। সেখান থেকেই নিয়মিত গান প্রকাশ করছেন। এবারের কনসার্ট করে ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

রাফফান বলেন, "আমি তো যুক্তরাষ্ট্র থেকে ৪ মে দেশে ফিরলাম। ২৪ দিনের মত ছুটি নিয়ে বাংলাদেশে এলাম। যেহেতু আমি দেশের বাইরে একজন চাকরিজীবী, তাই ওভাবে ছুটি পাই না। এ বছরের জন্য সব ছুটি আমার নেওয়া হয়ে গেছে। এ বছরে আর বাংলাদেশে আসা হবে না। তাই এটাই এ বছরের শেষ কনসার্ট হতে পারে।" 

ইভেন্টহোলিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈকত বিশ্বাস টুটুল গ্লিটজকে বলেন, “একক কনসার্টকে প্রাধান্য দিয়েই ‘পপাই’ ব্যান্ড নিয়ে আমাদের এই কনসার্টের আয়োজন। এর আগেও অনেক ব্যান্ডের সলো কনসার্ট আমরা করেছি। তাই এবার পপাইের ব্যান্ড নিয়ে এই একক আয়োজন।”

কনসার্টে দুই ধরনের টিকেট থাকবে জানিয়ে টুটুল বলেছেন, সাধারণ ক্যাটাগরির টিকেটের দাম ৮৯৯ টাকা এবং ভিআইপি টিকেটের দাম ধরা হয়েছে ১৪৯৯ টাকা। টিকেট পাওয়া যাচ্ছে ইভেন্টহোলিকের ওয়েবসাইটে। বিকেল ৪টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। 

অনুষ্ঠানের শুরুতে দুটি গেস্ট ব্যান্ডের পরিবেশনা থাকবে। সেগুলো হল ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ ও ‘ফ্রিকোয়েন্সি ২.০’। স্বল্প সময়ের সেই পরিবেশনা শেষেই মঞ্চে উঠবেন পপাই।"   

‘পপাই বাংলাদেশ’ ব্যান্ডে রাফফান ইমাম মূল ভোকালিস্ট, গিটারে আছেন শাফাত ও তালাত, বেজ গিটার বাজান তানসিফ, ড্রামসে রবি, কিবোর্ডে প্রমিত এবং রাফি হলেন ম্যানেজার।