১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমিরের ‘সিতারে জামিন পার’ প্রথম দিন যত আয় করল

শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ১২ কোটি ৭৫ লাখ রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 09:19 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’ বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৯ কোটি ৫০ লাখ রুপি। 

শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ১২ কোটি ৭৫ লাখ রুপি, আর আন্তর্জাতিকভাবে সিনেমার আয় হয়েছে ৬ কোটি ৭৫ লাখ রুপি (৮ লাখ ডলার)। 

পিঙ্কভিলা লিখেছে, একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বাস্কেটবল খেলার গল্পে তৈরি সিনেমা ‘সিতারে জামিন পারের’ আয় তুলনামূলকভাবে কম হলেও দর্শকপ্রতিক্রিয়া ইতিবাচক। তাই চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন সপ্তাহের শেষে এই সিনেমার বক্স অফিস আয় বৃদ্ধি পাবে। প্রথম তিন দিনে এর আয় ৮৫ থেকে ৯০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। 

আরএস প্রসন্ন পরিচালিত ও আমির খান প্রযোজিত এই সিনেমাটি নির্মাণে মোট বাজেট ছিল প্রায় ১২০ কোটি রুপি। যেখানে আমির খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়। সিনেমাটি ইতোমধ্যে প্রেক্ষাগৃহের বাইরে আয় করেছে ৫০ কোটি রুপির মত।

যদি সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি রুপি আয় করতে পারে তাহলে প্রযোজকদের বিনিয়োগ উঠে আসবে। সিনেমার চূড়ান্ত আয় অনুযায়ী আমির খান নিজের পারিশ্রমিক নির্ধারণ করবেন। 

‘সিতারে জামিন পারের’ ডিজিটাল স্বত্ত বিক্রি করা হয়নি, সিনেমাটি শিগগিরই কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। ফলে দর্শকদের প্রেক্ষাগৃহেই গিয়ে সিনেমাটি দেখতে হবে। 

সিনেমার গল্প গুলশন নামের এক বাস্কেটবল কোচকে ঘিরে, যিনি তার রূঢ় স্বভাবের কারণে বিভিন্ন জায়গায় সম্মান হারান। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি, সেই বিবাদ সমাধানে তাকে আদালতে যেতে হয়। সেখানে তাকে শাস্তি দেওয়া হয়, একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বাস্কেটবল শেখাতে হবে। তাদেরকে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।  

সিনেমায় আমির খান অভিনয় করেছেন গুলশনের ভূমিকায়। তার সঙ্গে দেখা গেছে জেনেলিয়া ডিসুজাকে। 

এটি আমিরের দারুণ সাড়া ফেলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল। এই সিনেমায় ১০টি নতুন মুখ হাজির করেছেন আমির খান।

এই ১০ জন হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

সিনেমায় অভিনয় করেছেন দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ অনেকে।

আরও পড়ুন:

'সিতারে জামিন পার': ১০ নতুন মুখ নিয়ে আসছেন আমির

'সিতারে জামিন পার': মুক্তির তারিখ পেছালেন আমির

'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!

সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?

আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার

অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির

'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির 

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

আমির খানের সিদ্ধান্ত বদল