১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সিতারে জামিন পার’: ১০ নতুন মুখ নিয়ে আসছেন আমির

‘তারে জামিন পারের’ মত আর্টের শিক্ষক নয়, এবার আমির আসছেন বাস্কেটবল কোচ হয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 10:24 AM

Updated : 10 Sep 2026, 12:41 PM

প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা বলিউডি অভিনেতা আমির খানের ‘সিতারে জমিন পার’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

ওই পোস্টারে আমিরের সঙ্গে ১০ জন নতুন অভিনয়শিল্পীকে দেখা গেছে।

নিউজ ১৮ লিখেছে, ‘সিতারে জামিন পার’ সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন। 

এই ১০ জন হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

তবে পোস্টারে আমির খানই মুখ্য। তার পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, গলায় ঝুলছে হুইসেল। আমিরকে ঘিরে দাঁড়িয়ে আছেন ১০ জন।

প্রথমে ঠিক হয়েছিল ‘সিতারে জামিন পার’ মুক্তি পাবে আগামী ৩০ মে। পরে আমির জানিয়েছিলেন সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে জুন মাসের ২০ তারিখে। এ সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর ফের চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন আমির।

এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিকুয়েল। এরিমধ্যে ট্রেইলার এসেছে সিনেমাটির।

‘সিতারে জামিন পার’ আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন।

জুনে আমিরের এই সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘হাউস ফুল ৫’। তারকাবহুল ওই সিনেমার সঙ্গে ‘সিতারে জামিন পার’ টক্কর দেবে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।

‘সিতারে জমিন পার সিনেমাতে আমিরকে পাওয়া যাবে গুরুর ভূমিকায়। তবে ‘তারে জামিন পারের’ মত আর্টের শিক্ষক নয়, এবার তিনি আসছেন বাস্কেটবল কোচ হয়ে। আমিরের  চরিত্রের নাম গুলশান। প্যারালিম্পিকের জন্য প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেন তিনি। 

আমির অভিনীত গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক বিপরীত। নিকুম্ব ছিলেন হুল্লোড়ে স্বভাবের; আর গুলশান বেশ কড়া মেজাজের, সিনিয়র কোচদের মারধর করে। তার রাজনৈতিক মতাদর্শও নিয়েও ওঠে প্রশ্ন। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে তাকে একজন ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়।

তারে জমিন পার আমির পরিচালনা করলেও এর সিকুয়েলটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। 

এতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরো অনেকে।

বলিউডে বহুমাত্রিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা আমির কিছুদিন আগে বলেছেন তিনি তার কর্মজীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।

সেই পরিকল্পনা থেকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।

তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি। ‘সিতারে জামিন পার’ ওই ছয়টি কাজের একটি কী না সেটিও জানাননি আমির।

আরও পড়ুন:

'সিতারে জামিন পার': মুক্তির তারিখ পেছালেন আমির

'সিতারে জামিন পার': মুক্তির তারিখ পেছালেন আমির

'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির! 

সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?

আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার

অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির

'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

আমির খানের সিদ্ধান্ত বদল