ঈদে বিটিভিতে তিনটি একক নাটক, একটি ধারাবাহিক
‘মধুযাত্রা’, ‘অবিরাম দেবদাস’ ও ‘প্রায়শ্চিত্ত’ হল একক নাটক; এবং ধারাবাহিক নাটকটির নাম ‘চার মূর্তি’।
ঈদ উপলক্ষে বিটিভিতে গান, ম্যাগাজিন অনুষ্ঠানের সঙ্গে প্রচার করা হবে চারটি বিশেষ নাটক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক প্রচার করা হবে ঈদের কয়েক দিনে।
এগুলোর মধ্যে ‘মধুযাত্রা’, ‘অবিরাম দেবদাস’ ও ‘প্রায়শ্চিত্ত’ হল একক নাটক; এবং ধারাবাহিক নাটকটির নাম ‘চার মূর্তি’।
ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় ‘মধুযাত্রা’।
এ নাটকে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজি রোকন, ফাহমিদা শারমিনসহ আরো অনেকে।
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা মিনু ও মোহিতের ভালোবাসার গল্পে তৈরি হয়েছে ‘মধুযাত্রা’। ট্রেন যাত্রা, ছিনতাইকারীর কবলে পড়াসহ নানা ঘটনায় আবর্তিত হবে নাটকটি।
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘অবিরাম দেবদাস’। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ আর প্রযোজনা করেছেন আল মামুন।
‘অবিরাম দেবদাস’ নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম।
এখানে দেখা যাবে, ‘দেবদাস’ সিনেমা দেখার পর নাটকের চরিত্র দিদারের জীবনে পরিবর্তন আসে। তিনি নিজেকে দেবদাস ভাবতে শুরু করেন। এমনকি এফিডেবিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখেন।
দেবদাসের মত বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ান দিদার। এক বাড়িতে তিনি পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেন।
ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ‘প্রায়শ্চিত্ত’। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে এবং সুজাত শিমুলের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, সুভাশিষ ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল।
নাটকে গল্পে দেখা যাবে রহমতপুর গ্রামের একজন প্রভাবশালী চেয়ারম্যান জাফর আলী। ক্ষমতার অপব্যাবহার, লুটপাট ও দখলবাজি করে তিনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন। এ নিয়ে স্ত্রী-পুত্র-কন্যার সঙ্গে তার ঝগড়া চলে প্রায়ই।
কোরবানির ঈদে হাঁটের সব চেয়ে বড় গরুটি কেনার পরিকল্পনা করেন চেয়ারম্যান জাফর। এ কারণে চলে তার নানান অসৎ প্রস্তুতি। একসময় একটি স্বপ্ন দেখে জাফর আলী রাতারাতি সাধু বনে যান।
তিনটি একক নাটক ছাড়াও ঈদের আগের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হবে চারপর্বের ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’।
এই নাটকে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।
রাইসুল ইসলাম অনিকের রচনায় ‘চার মূর্তি’ প্রযোজনা করেছেন আল মামুন।
হাসির গল্পের এই ধারাবাহিক নাটকে দেখা যাবে কবির, মিলন আর জোসেফ ছোটবেলার বন্ধু। ছোটবেলায় খেলার ছলে বোমা ফাটাতে গিয়ে তাদের শ্রবণমক্তি কমে যায়। কানে কম শোনার কারণে তাদের কারো প্রেম টেকে না।
এক পর্যায়ে রোমানা নামে একটি মেয়ের প্রেমে পড়ে কবির। বিয়ের প্রস্তাব নিয়ে রোমানার বাড়িতে গেলে ভুল বোঝার কারণে বিয়ে ভেঙেও যায়।
