১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের উৎসবে দেশের দুই সিনেমা

উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রদর্শিত হবে সিনেমা দুইটি।

ভারতের উৎসবে দেশের দুই সিনেমা
‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’ সিনেমার পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ভারতের ‘দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ নির্বাচিত হয়েছে দেশের দুইটি সিনেমা। 

একটি নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, অন্যটি তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’।  

উৎসবটি শুরু হবে আগামী ৪ মে, চলবে ৮ মে পর্যন্ত। এর মধ্যে উৎসবের দ্বিতীয় দিন ৫ মে প্রদর্শিত হবে ‘মানুষের বাগান’ এবং ৬ মে দেখানো হবে ‘নীলপদ্ম’।

একগুচ্ছ অভিনয়শিল্পীর সিনেমা ‘মানুষের বাগান’  

প্রায় সাত বছর আগে নির্মাণ করা ‘মানুষের বাগান’ সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা। যেখানে মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরা হয়েছে।  

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

সিনেমায় চিরকুট ব্যান্ডের সদস্যদের গাওয়া ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান রয়েছে। 

রুনা খানের ‘নীলপদ্ম’

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এর আগেও প্রদর্শিত হয়েছিল ‘নীলপদ্ম’।    

তৌফিক এলাহীর এই সিনেমাটি গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।  

চিত্রনাট্যে দেখা গেছে, সিনেমার প্রধান চরিত্র নীলা। যৌনপল্লিতে তার বেড়ে ওঠা। মেয়েটি জানে না তার জন্মপরিচয়। জানে না এই যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সব সময় এই জীবন ছেড়ে একটা সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। 

একটা সময় একজনকে বিশ্বাস করে তার হাত ধরে এই যৌনপল্লি ছেড়ে চলে যায় নীলা। ভাগ্যের পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যকে বরণ করে নেওয়া নীলার গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।

নীলা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুল।