Published : 28 Oct 2025, 07:49 PM
প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনয়শিল্পী হাসান মাসুদ।
সোমবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গ্লিটজকে বলেন, “হাসান মাসুদ 'স্ট্রোক সিনড্রোম' নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন।
“এরপর পরীক্ষা করে দেখা যায় উনি ইস্কেমিক স্ট্রোক করেছেন, মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। আরও কিছু পরীক্ষা করতে হবে। উনাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই পরিস্থিতি বোঝা যাচ্ছে না।”
হাসান মাসুদকে এক সময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার।
হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র সাত বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।
সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।
এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন।
এই অভিনেতার বেশ কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।