মহাবিপন্ন শকুন সংরক্ষণে সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সভা
সুন্দরবনে শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি; অথচ চার দশক আগে এ সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ।
মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা।
এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধি অংশ নেন। সভায় বাংলাদেশের বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভাসমান জাহাজে এ সভার আয়োজন করে বাংলাদেশ বনবিভাগ।
বাংলাদেশের বনবিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। অথচ চার দশক আগে এ সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রজাতির শকুন রক্ষায় ২০১১ সাল থেকে কাজ করছে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংকশন’। ২০০৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
আমির হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশে এবারই প্রথম আন্তর্জাতিক এ সভার আয়োজন করা হয়েছে। সভায় শকুনের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া শকুনের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার নির্ধারণের বিষয়েও আলোচনা করা হচ্ছে।
আমির হোসাইন চৌধুরী বলেন, এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে সম্মিলিত উদ্যোগকে ত্বরান্বিত করতে এ আন্তর্জাতিক সভা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শকুন সংরক্ষণে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার হবে।
