১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আট অভিনেত্রীকে নিয়ে ওটিটিতে মোশাররফ

“দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই যুক্ত হওয়া।”

আট অভিনেত্রীকে নিয়ে ওটিটিতে মোশাররফ
‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের অভিনয়শিল্পীরা। ছবি: হইচইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। 

রোববার প্রকাশ পেয়েছে সিরিজটির পোস্টার। যেখানে আটজন অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে অভিনেতা মোশাররফ করিমকে। 

বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, অমিতাভ রেজা চৌধুরীর কমেডি ঘরানার এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি অভিনয় করেছেন ট্রাক ড্রাইভার ‘আব্বাসের’ ভূমিকায়। 

সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেছেন, অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটিই তার প্রথম কাজ। 

“দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক তাই এই সিরিজটি নিয়ে প্রত্যাশাও বেশি। দর্শক এখানে একদম নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।" 

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের পোস্টার। ছবি: হইচইয়ের সৌজন্যে।

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের পোস্টার

এই সিরিজে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুনা খানকে, আত্মবিশ্বাসী ও কঠোর মেজাজের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

সিরিজে মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান হয়েছেন ছটফটে এক তরুণী। জুই করিম হাজির হচ্ছেন এক নতুন আঙ্গিকে। সংযমী ও অনুভূতিপূর্ণ চরিত্রে রয়েছেন ফারহানা হামিদ। আর সিরিজটির মাধ্যমে হইচইয়ে অভিষেক হচ্ছে অদিতি ও বৃষ্টির।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলায় সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। 

তার কথায় চরিত্রগুলো বৈচিত্র্যপূর্ণ, এবং অভিনয়শিল্পীরাও দুর্দান্ত কাজ করেছেন।

অমিতাভ রেজা বলেন, "এটি এক ধরনের রোড অ্যাডভেঞ্চার হলেও গল্পের ভেতরে আছে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা রং।" 

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি কবে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

তবে নির্মাতার পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই সিরিজটি দেখা যাবে হইচইয়ে।