২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ায় এক মঞ্চে গাইবেন জেমস ও রূপম

এর আগে বছর দুই আগে ভারতে এক কনসার্টে গেয়েছিলেন জেমস ও রূপম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:25 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

অস্ট্রেলিয়ার সিডনিতে এক মঞ্চে গান গাইবেন নগরবাউল জেমস ও কলকাতার গায়ক রূপম ইসলাম।

সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে শনিবার সন্ধ্যা ৬টায় ওই কনসার্ট হওয়ার কথা রয়েছে।

কনসার্ট আয়োজকদের একজন তানিম মান্নান গ্লিটজকে বলেন, “কনসার্ট ঘিরে সিডনির বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। ইতোমধ্যে অধিকাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি ক্যাটাগরির টিকেট বাকি রয়েছে। দর্শকদের সুবিধার্থে এবার কিস্তিতেও টিকেটের মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে।”

তিনি বলেন, “প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত দুই বাংলার মানুষের কাছে নিজেদের গান, স্মৃতি ও সংস্কৃতিকে উদযাপন করার একটি বড় সুযোগ হতে যাচ্ছে এ কনসার্ট।”

একের পর এক কনসার্ট নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছে নগরবাউল ব্যান্ড। কনসার্টের পাশাপাশি বেশ কিছু নতুন গানের কাজও চলছে। তবে গানগুলো প্রকাশের দিন তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নগরবাউলের মুখপাত্র রবিন ঠাকুর।

২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টে গেয়েছিলেন জেমস ও রূপম।