Published : 03 Jul 2026, 11:01 AM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ভোট শুরু হয়।
এই ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
৯ টা ৪৫ মিনিটে ভোট দিতে আসেন অভিনেতা এজাজুল ইসলাম। প্রতি বছরই প্রথম সারির ভোট দেওয়ার তালিকায় থাকেন তিনি।
ভোট দেওয়ার পর এজাজুল ইসলাম বলেন, " আমি যেহেতু পেশায় ডাক্তার, শুক্রবার আমার চেম্বারে অনেক বেশি রোগী থাকেন। তাই সকাল সকাল আসতে হল। প্রতিবারই আমি সকাল সকাল ভোট দিই।"
এবারের নির্বাচন নিয়ে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হোক। নির্বাচনের পর তো আমরা সবাই এক। কোনো বিভেদ না থাকুক।"

ভোট শুরুর প্রথম এক ঘন্টায় তেমন ভোটারের উপস্থিতি দেখা যায়নি। নির্বাচন কমিশনার থেকে বারবার ঘোষণা আসছে, ভোটকেন্দ্রে ভোটার নেই, আপনারা যারা ভোটকেন্দ্রে উপস্থিত আছেন কেন্দ্রে এসে ভোট প্রদান করুন।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনে এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে খল অভিনেতা কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
শিবা সানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা; সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রার্থী হয়েছেন।

এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান, ইউসুফ খান।