Published : 02 Jul 2026, 11:30 PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ নির্বাচনের ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইতিমধ্যে ব্যালট পেপার তৈরি ও নির্বাচনি বুথ স্থাপনসহ ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ‘অপ্রীতিকর ঘটনা’ এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু গ্লিটজকে বলেন, "এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ খুব ভালো ও শান্তিপূর্ণ আছে। আশা করছি সব ঠিকঠাক ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে।"
দুই প্যানেলে লড়ছেন যারা
নির্বাচনে এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে খল অভিনেতা কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
শিবা সানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা; সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রার্থী হয়েছেন।
এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।
কিবরিয়া লিপু ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।