Published : 13 Nov 2022, 12:14 PM
সুন্দরবন জলদস্যুমুক্ত করতে র্যাবের অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপরেশন সুন্দরবন’ বানানোর পেছনের গল্প এল দুই মলাটে বন্দি হয়ে।
সিনেমা মুক্তির ৫০তম দিন ছিল শনিবার। দিনটি উদযাপনের পাশাপাশি ‘অপারেশন সুন্দরবন: পর্দায় না-বলা গল্প’ শিরোনামে বইটির মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে।
নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অনুষ্ঠানে বলেন, “চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে কলাকুশলী ও শিল্পীদের নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে এবং জোয়ার ভাটার সাথে লড়াই করে চলচ্চিত্রটি তৈরি করতে যে অভিজ্ঞতা হয়েছে তা কল্পনাতীত।”
র্যাবের এই কর্মকর্তা বলেন গ্রাম-বাংলায় একসময়ের প্রচলিত ‘পটগান’ তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পাশাপাশি ব্যান্ড সংগীতও ব্যবহার করা হয়েছে।
‘অপারেশন সুন্দরবন’ এর প্রচারেও গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, সিনেমার টিজার প্রকাশে ‘নান্দনিকতা’ ছিল। এছাড়া কক্সবাজারে লাবনী সৈকতে ট্রেইলার প্রকাশের আয়োজনও ছিল ভিন্নধর্মী।
“সিনেমা প্রচারের অংশ হিসেবে চলচ্চিত্র শিল্পে হারিয়ে যাওয়া ঐতিহ্য হাতে আঁকা পোস্টার ও তার শিল্পীদের তুলে আনা হয়েছে। সিনেমা মুক্তির আগে বিশাল সমারোহে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার রক্ষার শিশুদের নিয়ে ‘টাইগার ক্যাম্পেইন’ এর আয়োজন করা হয়।”
‘অপারেশন সুন্দরবন: পর্দায় না-বলা গল্প’ বইটির সংকলন ও সম্পাদনার দায়িত্বে ছিলেন খাইরুল বাবুই। তিনি বলেন, বইটির তথ্য-উপাত্ত যাচাইবাছাই, লেখা ও সম্পাদনার কাজ চলেছে প্রায় এক বছর ধরে।
“জানা মতে, চলচ্চিত্র নির্মাণের পেছনের অজানা গল্প নিয়ে এর আগে এ রকম বই প্রকাশ হয়নি। যদিও এটি মৌলিক কোনো সাহিত্যকর্ম নয়, তবুও পাঠকের আগ্রহ সৃষ্টির জন্য সত্যি ঘটনাগুলোকে গল্প-আকারে লেখার চেষ্টা করেছি। আশা করি, যারা পড়বেন, পাঠমুগ্ধতায় আচ্ছন্ন হবেন।”
সিনেমাটি মুক্তির সময় র্যাফেল ড্রয়ের মাধ্যমে দর্শকদের ফরচুন গ্রুপের পক্ষ থেকে আইফোন উপহারের দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আগামী ১৮ নভেম্বর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে ওই র্যাফেল ড্র হবে।
সিনেমার নির্মাতা দীপংকর দীপন, অভিনয় শিল্পী চিত্রনায়ক রিয়াজ, সিয়াম, মনোজ প্রমানিক, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, দিপু ঈমাম, এহসানসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে র্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরে ২৩ সেপ্টেম্বর।
পুরানো খবর:
এক ঝলক: অপারেশন সুন্দরবনপুরানো খবর:
‘অপারেশন সুন্দরবন’ আসছে ২৩ সেপ্টেম্বরপুরানো খবর:
কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল ‘অপারেশন সুন্দরবন’