Published : 27 Aug 2022, 09:36 AM
আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা সমৃদ্ধ সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকখ্যাত দীপংকর দীপন।
তারকাবহুল এই চলচ্চিত্রের অর্থায়নে রয়েছে র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক ভিডিওবার্তায় দীপংকর বলেন, “অপারেশন সুন্দর আসছে ২৩ সেপ্টেম্বর। আপনার ধারে কাছের সিনেমা হলে।”
দীর্ঘদিন ধরে শুটিং চলার কারণ ব্যাখ্যা করে এই নির্মাতা বলেন, “আমরা অনেকদিন আগে শুরু করেছিলাম। ইনফ্যাক্ট ছবিটিও বড় ছিল। ৭০-৮০ দিনের মতো শুট হয়েছে। মাঝখানে কোভিড-১৯ ছিল।
“যেহেতু আইন-শৃঙ্খলা বাহিনী নির্মাণ করছে, সরকারি সমস্ত বিধি-নিষেধ মেনে ছবির কাজ পূর্ণাঙ্গ হয়ে বন্ধ ছিল। সব বিধি-নিষেধ উঠে যাওয়ার পর আবার কাজ শুরু করেছি। ছবির পোস্ট প্রোডাকশনে অনেক কাজ ছিল। পোস্ট প্রোডাকশনে অনেক ডিপলি কাজ করা হয়েছে।”
দর্শকের উদ্দেশে দীপন বলেন, “সবকিছু করে ছবিটি আপনাদের জন্য যেভাবে বানাতে চেয়েছিলাম, সেভাবেই তৈরি হয়েছে। ছবিটি নিয়ে আপনাদের সামনে আসছি ২৩ সেপ্টেম্বর।”
দর্শক কেন অপারেশন সুন্দরবন দেখবে?
যুক্তি দেখিয়ে দীপন বলেন, “প্রথম কারণ হচ্ছে সুন্দরবন। ওখানে গিয়ে কাজ করার পর আমার কাছে মনে হয়েছে সমস্তকিছু ছাপিয়ে এ সিনেমার সাবজেক্ট আসলে সুন্দরবন। সুন্দরবনকে আমরা অতটা এক্সপ্লোর করতে পারিনি, যতটা দরকার ছিল।
“বন বিভাগের অনুমতি নিয়ে, নিয়ম-কানুন মেনে আমরা এমন সব জায়গায় শুট করেছি, যেখানে জলদস্যুরা ঘাঁটি গেড়েছিল। গল্পের প্রয়োজনে আমাদের এমন এমন স্থানে যেতে হয়েছিল, যেখানে টুরিস্ট হিসেবে আপনি কখনও যাননি।”
সবশেষে দীপন বলেন, “শুধু র্যাবের অভিযান নয়, প্রান্তিক মানুষের জীবন, প্রকৃতি, যন্ত্রণা সবকিছু মিলিয়ে ছবিটি আপনাদের কাছে সুন্দরবনকে অন্যভাবে চেনাবে। আশা করি হলে আসবেন। ছবিটি দেখবেন। তাহলেই আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হবে।”
সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষা, মৎস্য ও বনজ সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত অভিযান চালায় র্যাব। সেই অভিযানে ৩২টি বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত হওয়ার ঘোষণা দেন।
সুন্দরবনে র্যাবের সেই ‘রোমাঞ্চকর অভিযান’ জনসাধারণের সামনে তুলে ধরার জন্য নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন।