১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অপারেশন সুন্দরবন’র প্রিমিয়ারে খুশিতে কাঁদলেন দর্শনা

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।

‘অপারেশন সুন্দরবন’র প্রিমিয়ারে খুশিতে কাঁদলেন দর্শনা

অপারেশন সুন্দরবনের প্রিমিয়ার শেষে দর্শনা বণিক চোখ মুছতে মুছতে হাজির হন সাংবাদিকদের সামনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 12:43 AM

Updated : 21 Sep 2022, 12:43 AM

মুক্তির দুদিন আগে প্রিমিয়ার হল ‘অপারেশন সুন্দরবন’র; আর সেখানে আনন্দঅশ্রু ঝরল এই সিনেমার অভিনেত্রী দর্শনা বণিকের।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয় র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই সিনেমার প্রিমিয়ার।

কলকাতার অভিনেত্রী দর্শনা প্রিমিয়ারের জমকালো অনুষ্ঠান দেখে সাংবাদিকদের মুখোমুখি যখন হলেন, তখন চোখের জল মুছছিলেন তিনি।

দর্শনা বলেন, “একটা সিনেমার এত বড় আয়োজন দেখে আমি ইমোশনাল হয়ে পড়ছি। একটা সিনেমার প্রিমিয়ারে এত এত স্বনামধন্য মানুষজন, এত সাংবাদিক, এত বড় আয়োজন, সর্বোপরি সিনেমাটা এত ভালো হয়েছে, এসব দেখে নিজেকে ধরে রাখতে পারছি না।”

প্রিমিয়ারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সিনেমার কলাকুশলীরা।

পুরানো খবর:

কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল ‘অপারেশন সুন্দরবন’


বাংলাদেশে দর্শনার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তা শাকিব খানের সঙ্গে, অন্তরাত্মা।

“আরও দুই-তিনটি ছবিতে কাজের কথা হচ্ছে। আশা করি, খুব শিগগিরই নতুন ছবি নিয়ে দেখা হবে,” বলেন তিনি।

Image

কলকাতার অভিনেত্রী দর্শনা বাংলাদেশের আরও সিনেমায় আসছেন

দর্শনা কলকাতা ও তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। 

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকখ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন আহমেদ, রনক হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।