সালমান বনাম শাহরুখ, ‘অ্যাকশনে’ কে কেমন
শাহরুখ যে কোনো দৃশ্য করার আগে মহড়া করে নিতে পছন্দ করেন; আর সালমান মনে করেন আগে থেকে মহড়ার তেমন দরকার নেই।
বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং সালমানকে নিয়ে তুলনার শেষ নেই। কে কতটা কেতাদুরস্ত, কার চাইতে কে ভালো অ্যাকশন করেন, বয়স এবং সময় মিলিয়ে কে কতটা ফ্যাশন সচেতন, সবই তাদের অনুরাগীদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু শুটিং ফ্লোরে তারা কেমন, সেই তুলনা তুলে ধরেছেন তাদের সহকর্মী নিখিল ধীর।
ধীর দুজনের বিপরীতে দুই সিনেমায় কাজ করেছেন খলনায়ক হিসেবে।
ইনডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ধীরের কথায় জানা গেল, শাহরুখ যে কোনো দৃশ্য করার আগে মহড়া করে নিতে পছন্দ করেন। আর সালমান মনে করেন আগে থেকে মহড়ার তেমন দরকার নেই।
ধীর বলেন, “অ্যাকশন বলার পর ক্যামেরার সামনে সহজভাবে দাঁড়িয়ে যান সালমান। অভিনয় তার ভেতর থেকে বেরিয়ে আসে। তার অভিনয় অত্যন্ত সহজাত।"
সালমান অ্যাকশনের সময় কী করেন জানতে চাইলে ধীর বলেন, "তার সঙ্গে একাধিক অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আমার মনে আছে, অ্যাকশন মাস্টার আমাকে বলেছিলেন, তুমি এইভাবে সালমনকে মারতে পারবে না। তখন সালমান স্যার আমাকে বললেন, ‘তুমি চোখ বন্ধ করে মারো। কারো কথা শুনতে হবে না’।"
অ্যাকশনে শাহরুখকেও 'অসাধারণ' বর্ণনা করে ধীর বলেন, "কীভাবে পড়ে যেতে হয় সেটা শাহরুখ স্যার খুব ভাল জানেন, কারণ এক সময়ে তিনি ফুটবল খেলতেন। মারপিট হয়ত করা যায়, কিন্তু পড়ে যাওয়াটা খুব কঠিন। শাহরুখ স্যারের কাঁধের হাড় ভেঙে যাওয়া সত্ত্বেও তিনি এই কাজটা অনায়াসে করতে পারেন।"
শাহরুখের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় কাজ করেছেন ধীর। অন্যদিকে ‘রেডি’ সিনেমায় সালমানের বিপরীতে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল তাকে।
শাহরুখ-সালমান ছাড়াও অক্ষয় কুমার ও অজয় দেবগনের সঙ্গে অ্যাকশনের দৃশ্যে অভিনয় করেছেন ধীর।
তাদের সম্পর্কে এই অভিনেতার ভাষ্য হল, "সবাই খুব ভাল কাজ করেন। আমি খুব ভাগ্যবান যে সবাই আমার সঙ্গে ভাইয়ের মত আচরণ করেছেন। সালমান ভাইতো আমাকে আমার ৭/৮ বছর বয়স থেকে দেখছেন। আমিও তাদের দেখছি অনকেদিন হল।”
