২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যেভাবে সড়ক দুর্ঘটনার শিকার, জানালেন শাওন

পূর্ণ বিশ্রামে শিগগিরই সেরে উঠবেন বলেও আশা করছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

যেভাবে সড়ক দুর্ঘটনার শিকার, জানালেন শাওন
মেহের আফরোজ শাওন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অটোরিকশার ধাক্কায় পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।   

শুক্রবার দুপুরের দিকে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন বলে এক ফেইসবুক পোস্টে নিজেই জানিয়েছেন তিনি।

ফেইসবুকে শাওন লিখেছেন, "ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম।"

সড়ক পার হতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, "জুম্মার সময়, দুপুর ১টা ৫৫ মিনিট। নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। 

“ডান-বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত অটোচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ....সরেএএএন’ বলে ডাক।”

শাওন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়েরর উপর দিয়ে চলে গেল।" 

পরের ঘটনা উল্লেখ করে শাওন লেখেন, "টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিলটার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।" 

নিজের শরীরের অবস্থা জানিয়ে শাওন লিখেছেন, "পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।"