১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ে করে ছবি দিলেন পরমব্রত ও পিয়া

পিয়া চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্ককে পরমব্রত চট্টোপাধ্যায় বলতেন ‘বন্ধুত্ব’। দুজনের কেউ ভুলেও স্বীকার করেননি প্রেমের কথা। সেই বন্ধুত্ব-প্রেমের পর সোশাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে কলকাতার বাংলা সিনেমার অভিনেতা ও পরিচালক পরমব্রত বললেন, “আমরা এখন একসঙ্গে”। একই ছবি এবং ক্যাপশন শেয়ার করেছেন পিয়া, যিনি নিজের পরিচয় দেন একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী হিসেবে।  

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 11:20 AM

Updated : 28 Nov 2023, 04:23 PM

Image

ঘটা করে নয়, সোমবার বিকেলে কলকাতায় ঘরোয়া আয়োজনে বিয়ের আইনি পর্ব সেরেছেন পরমব্রত ও পিয়া। কেবল দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পরে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে বর-কনের।

Image

বিয়ের ছবিতে পরমব্রত ও পিয়া দুজনকেই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। পরমব্রতের পোস্টের নিচে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, মনামী ঘোষসহ কলকাতা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির অনেকে অভিনন্দন জানিয়েছেন।

Image

দুজনের সম্পর্কের শুরু কোথায়? এর উত্তর মেলেনি পরমব্রত এবং পিয়ার কাছ থেকে। তবে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।

Image

গায়ক অনুপমের সঙ্গে পিয়া সাংসারিক জীবনের ইতি টেনেছিলেন ২০২১ সালে। সোশাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন যৌথভাবে। তখন খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরে নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া।