Published : 11 Jun 2025, 10:40 PM
তারকাভিনেতা আমির খানের মা জিনাত হুসেন আসছেন সিনেমায়।
৯১ বছর বয়সী এই নারী তার ছেলের সিসেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।
সিনেমার নাম ‘সিতারে জামিন পার’। সিনেমার পরিচালক আর এস প্রসন্নর বিশেষ অনুরোধে জিনাত কাজটি করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আমির খান।
জিনাতকে সিনেমায় নিয়ে আসার পরিকল্পনা প্রসন্নর। প্রথমে তিনি এই অনুরোধটি করেন আমিরের কাছে। তারপর আমির তার মাকে কাজটি করতে রাজি করান। ‘সিতারে জামিন পারের’ আমিরের বোন নিখাত খানও অভিনয় করছেন।
আমির জানিয়েছেন তার মা একদিনও ‘সিতারে জমিন পারের’ শুটিং সেটে যাননি। কিন্তু শুটিং কেমন হচ্ছে এই খোঁজখবর তিনি ছেলের কাছে নিতেন।
আমির বলেন “প্রসন্ন একদিন বললেন স্যার, আপনি যদি অনুমতি দেন আম্মিজিকে কী একটা শটে নেওয়া যাবে? ওই দৃশ্যটা হল সিনেমার শেষ গান, বিয়ের উৎসবের দৃশ্য। পরিচালক বললেন, মা অতিথিদের মধ্যে একজন হতে পারেন।“
নির্মাতার অনুরোধে কী করেছিলেন জানতে চাইলে আমির বলেন, “আমি তো অবাক। আমি বললাম, তুমি পাগল হয়ে গেছ? এ কথা আমার মাকে বলতে সাহস হবে না।“
জিনাত হোসেনকে রাগী এবং জেদী মানুষ হিসেবে বর্ণনা করে আমির বলেন, “আমি নিশ্চিত ছিলাম আম্মিজি কোনো কথা শুনবেন না। আমি প্রসন্নকে বললাম শুধুশুধু সময় নষ্ট হবে।“
তবে নির্মাতার অনুরোধ ফেলতে না পেরে প্রস্তাব নিয়ে মায়ের কাজে যান বলে জানিয়েছেন আমির।
তিনি বলেন, “ আমি বললাম, আম্মি, প্রসন্ন অনুরোধ করছেন অতিথি চরিত্রে সিনেমায় যদি আপনি আসতেন। তিনি একটু ভেবে বললেন, হ্যাঁ, ঠিক আছে। আমি হতবাক হয়ে গেলাম। দুই তিনটি শটের জন্য তিনি হাজির হন সিনেমার সেটে।”
আমিরের কথায়, “এটিই আমার একমাত্র চলচ্চিত্র, যাতে আমার মা অভিনয় করেছেন।”
সিনেমায় আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ‘সিতারে জামিন পার’ সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন।
এই ১০ জন হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।
এতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরো অনেকে।
‘সিতারে জামিন পারে’ আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন। এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিকুয়েল। এরিমধ্যে ট্রেইলার এসেছে সিনেমাটির।
এখানে আমিরকে পাওয়া যাবে গুরুর ভূমিকায়। তবে ‘তারে জামিন পারের’ মত আর্টের শিক্ষক নয়, এবার তিনি আসছেন বাস্কেটবল কোচ হয়ে। আমিরের চরিত্রের নাম গুলশান। প্যারালিম্পিকের জন্য প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেন তিনি।
আমির অভিনীত গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক বিপরীত। নিকুম্ব ছিলেন হুল্লোড়ে স্বভাবের; আর গুলশান বেশ কড়া মেজাজের, সিনিয়র কোচদের মারধর করে। তার রাজনৈতিক মতাদর্শও নিয়েও ওঠে প্রশ্ন। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে তাকে একজন ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়।
‘সিতারে জামিন পার’ আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর ফের চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন আমির।
'সিতারে জামিন পার': ১০ নতুন মুখ নিয়ে আসছেন আমির
'সিতারে জামিন পার': মুক্তির তারিখ পেছালেন আমির
'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার
অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির
'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির