এত বছর পর কেন এই প্রশ্ন অঞ্জন দত্তের
গায়ক রবিবার ফেইসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানতে চান, দর্শক বা শ্রোতারা কেন তাকে ভালোবাসেন?
গান থেকে সিনেমা, ওয়েব সিরিজ লেখালেখি- সবকিছুতেই সমান দক্ষ অঞ্জন দত্ত। ‘বেলা বোস’ থেকে ‘মেরি অ্যান’, ‘ম্যাডলি বাঙালি’, ‘দত্ত ভার্সেস দত্ত’ থেকে ‘প্রিয় বন্ধু’- এমন সব সৃষ্টির মধ্যে দিয়ে যেন নিজের জীবনের প্রায় পুরোটাই দর্শকদের বিলিয়ে দিয়েছেন, রিটার্ন গিফট হিসেবে পেয়েছেনও অফুরান ভালোবাসা।
তবে হঠাৎ এত বছর পর কেন আচমকা একাধিক প্রশ্ন মনে জেগেছিল তার?
৬৯ বছর বয়সী এই গায়ক রোববার ফেইসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানতে চান, দর্শক বা শ্রোতারা কেন তাকে ভালোবাসেন?
অঞ্জন লেখেন, “এই পোস্ট থেকে আমি জানতে চাই কী কারণে আমার কাজ ভালো লাগে? এই পোস্ট আপনাদের সবাইকে সম্মান জানানোর জন্য আর আপনাদের ভালো লাগা, খারাপ লাগার বিষয়ে জানতে চাই, ঠিক কী কারণে আপনারা এতদিন ধরে আমাকে রোজগার করতে সাহায্য করলেন? আপনারাই করলেন। কিন্তু কী কারণে? আমি ভালো গান লিখেছি বলে? আমি রাজনীতির বোকামি থেকে শত হস্ত দূরে থাকি বলে? আমি ভালো অভিনেতা বলে?”
গায়কের পোস্টের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৫০০ জনের বেশি ভক্ত তা শেয়ার করে নিজেদের মতামত জানান। কমেন্টের সংখ্যা প্রায় হাজার পেরিয়ে যায়।
কেউ লেখেন, “আপনি অঞ্জন দত্ত বলে।”
কেউ আবার বলেন, “বেলা বোস, উমা-র জন্য।”
কারও মতে, “রঞ্জনা আমি আর আসব না”।
হঠাৎ কেন এই প্রশ্ন রেখেছিলেন, একদিন পরেই তার উত্তর দিলেন অঞ্জন।
সোমবার আরেক পোস্টে লিখলেন, “ঠিক ৪৮ ঘণ্টা আগে আমি আমার পরবর্তী কাজের সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমার ৬৯ বছরের অভিজ্ঞতা, সময় এবং আপনাদের কাছে পৌঁছবার সঠিক রাস্তা, প্ল্যাটফর্ম বা মেথড বেছে নিতে চাইছিলাম। একটা সিদ্ধান্ত নেবার দরকার ছিল। তাই আপনাদের কাছেই জানতে চেয়েছিলাম, আমার কী বেশি ভালো লাগে? লেখা, গান, সিনেমা, অভিনয় না অন্য কিছু? আমি বেছে নিয়েছি।
“বাংলাদেশ থেকে অনেকগুলো নতুন গান, সিনেমা, অভিনয়, গপ্পো আসবে যেটা আমার জায়গা বা আমার নিজের অবস্থান। দুঃখবোধ, ভালোবাসা, বন্ধুত্বের অনেক নতুন গান যা আমার পুরনো গানের মতোই আলাদা। আমার পুরনো সিনেমার মতো কিন্তু নতুন সিনেমা। বাংলাদেশ থেকে, আসবে কিন্তু কলকাতার গপ্পো, সিনেমা আর অনেক গান। এটা হতে পারে, যদি সব ঠিকভাবে এগিয়ে যায়।”
