‘বেলা বোসের জন্য’ সিনেমা নিয়ে মামলায় অঞ্জন
প্রযোজকের অভিযোগ, অঞ্জন দত্ত চুক্তি ভেঙে অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেজন্য ৫৭ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো’- নব্বইয়ের দশকের তুমল জনপ্রিয় এই গানটির চরিত্র ‘বেলা বোস’ নিয়ে সিনেমা বানাতে গিয়ে মামলায় জড়িয়ে গেছেন কলকাতার শিল্পী অঞ্জন দত্ত।
গত বছর অঞ্জনের ঘোষণা ছিল, তার নিজের গাওয়া ওই গানটি নিয়ে ‘বেলা বোসের জন্য’ নামে একটি সিনেমা করা হবে। শ্যুটিং শুরুর কথা ছিল বছরের শেষ নাগাদ। প্রযোজনার দায়িত্ব নেন টালিগঞ্জের প্রযোজক রানা সরকার।
এখন প্রযোজকের অভিযোগ, অঞ্জন দত্ত চুক্তি ভেঙে অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। এই অভিযোগে সিনেমার পরিচালক অঞ্জন ও তার ছেলে নীল দত্তের নামে মামলা ঠুকে দিয়েছেন রানা সরকার। সেখানে তিনি ৫৭ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
প্রযোজক মামলা করার পর শুক্রবার সিনেমাটির কাজের উপর স্থিতাবস্থা জারি করেছে পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। অর্থাৎ অঞ্জন অন্য কোনো প্রযোজনা সংস্থার সঙ্গেও সিনেমাটি করতে পারবেন না আপাতত।
রানা সরকার বলছেন, কথা পাকাপাকি করার পর অঞ্জন তার কাছ থেকে সিনেমার জন্য কিছু টাকাও আগাম নিয়েছিলেন।
“এই সিনেমার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। ওকে উকিল নোটিস পাঠিয়েছিলাম। কোনো রিপ্লাই আসেনি। এরপর আমরা আদালতে যাই।“
অঞ্জন টাকা ফেরত না দিলে প্রয়োজনে আরও মামলা করার হুমকি দিয়েছেন এই প্রযোজক। তবে মামলা ও অভিযোগ নিয়ে অঞ্জন দত্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
