২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীর এখন বলছেন, শিল্প দেশের চেয়ে বড় নয়

তার দাবি, পাকিস্তানি সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি যা যা বলেছিলেন, সেটি সম্পূর্ণ প্রকাশ করা হয়নি সংবাদমাধ্যমে।

রণবীর এখন বলছেন, শিল্প দেশের চেয়ে বড় নয়

রণবীর কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 02:54 PM

Updated : 25 Feb 2023, 02:54 PM

পাকিস্তানি সিনেমায় কাজ করা, না করা নিয়ে বছরখানেকের ব্যবধানে ভিন্ন বক্তব্য দিলেন বলিউডের নায়ক রণবীর কাপুর। এক বছর আগে যে রণবীর বলেছিলেন শিল্প-শিল্পীর কোনো ভৌগলিক সীমা হয় না; সেই রণবীরই এখন মনে করছেন, শিল্প কখনও দেশের চাইতে বড় হতে পারে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, রণবীর তার ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ সিনেমার প্রচারে গিয়ে বলেছেন, গত বছরে পাকিস্তানি সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি যা যা বলেছিলেন, সেটি সংবাদমাধ্যমে সম্পূর্ণ প্রকাশ করা হয়নি, বাদ দেওয়া হয়েছে তার বক্তব্যের অনেকটাই।

রণবীর জানান, গত বছর ‘রেড সি ইন্টারন্যাশনাল’ ফিল্ম ফেস্টিভালে এক পাকিস্তানি নির্মাতার প্রশ্ন ছিল, তিনি (রণবীর) কখনও পাকিস্তানি চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছুক কি না।

Image

বাবা-মার সঙ্গে রণবীর কাপুর

রণবীরের উত্তর ছিল, “অবশ্যই স্যার, আমি মনে করি শিল্প এং শিল্পীদের কোনো ভৌগলিক সীমা নেই। আমি আগেও পাকিস্তানের ফাওয়াদ খানের সঙ্গে ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায় কাজ করেছি। দেশটির সিনেমাও পছন্দ করি।“

কাপুর পরিবারের ছেলে রণবীরের ভাষ্য ছিল, “আমি মনে করি সিনেমা সিনেমাই, শিল্পের নাম কেবল শিল্প।“

পুরনো খবর:

পাকিস্তানি সিনেমায়ও কাজ করতে আগ্রহী রণবীর

এবারে রণবীর জানালেন তার ওই বক্তব্যের যে অংশটুকু বাদ দেওয়া হয়েছে সেই কথাগুলো কি ছিল।

রণবীরের দাবি তিনি বলেছিলেন, “সিনেমাকে সিনেমা হিসেবে দেখা উচিৎ হলেও মনে রাখতে হবে শিল্প কখনও দেশের চাইতে বড় হতে পারে না। শিল্পের প্রতি শতভাগ সম্মান রেখেই দেশকে সবার আগে রাখতে হবে। কাজেই কোন দেশ যদি আমার মাতৃভূমির সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে না পারে, সেক্ষেত্রে ভালোবাসা আর সম্মান দিয়ে নিজের দেশকেই অগ্রাধিকারে রাখতে হবে।“

Image

স্ত্রী আলিয়া ভাটের সঙ্গ রণবীর কাপুর

গতবছর ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে আসেন রণবীর কাপুর ও তার স্ত্রী নায়িকা আলিয়া ভাট।

চলতি বছরে তার প্রথম সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ দিয়ে রোমান্টিক কমেডি ঘরানার সিনেমায় পর্দায় আসছেন রণবীর। আগামী ৮ মার্চ ভারতে হোলি উৎসবের দিন সিনেমাটি মুক্তি পাবে।

এছাড়া আগামীতে ক্রাইম থ্রিলার ‘আ্যানিমেল’ সিনেমাতেও আসছেন রণবীর।