২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি সিনেমায়ও কাজ করতে আগ্রহী রণবীর

কাপুর পরিবারের আদি বাড়ি বর্তমানে পাকিস্তানের অংশ।

পাকিস্তানি সিনেমায়ও কাজ করতে আগ্রহী রণবীর

রণবীর কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 11:58 PM

Updated : 14 Dec 2022, 11:58 PM

রণবীর কাপুররা চার পুরুষ ধরে মুম্বাইয়ের বাসিন্দা হলেও তাদের আদি বাড়ি পাকিস্তানে; এখন অনেক ভারতীয়র কাছে ‘শত্রু’ দেশ হিসেবে চিহ্নিত সেই পাকিস্তানের সিনেমায় অভিনয়ে আগ্রহের কথা জানালেন তিনি।

এই আগ্রহের কারণ হিসেবে এই বলিউড তারকা বলেছেন, সীমানা এঁকে দিলে শিল্পীরা সীমাবদ্ধ হয়ে যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত সপ্তাহে জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে এক পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন সদ্য বাবা হওয়া রণবীর।

ওই নির্মাতা ভারত ও পাকিস্তানি শিল্পীদের একত্রে কাজের উপর নানা বিধি-নিষেধের প্রসঙ্গ তুলে বলেছিলেন, “এখন আমাদের সৌদি আরবের মতো একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা যৌথভাবে চলচ্চিত্র করতে পারি, আপনাকে আমি একটি সিনেমায় চুক্তিবদ্ধ করতে চাই। আপনি কি পাকিস্তানি দলের সাথে কাজ করতে চাইবেন?”

জবাবে রণবীর বলেছিলেন, “অবশ্যই। আমি মনে করি, শিল্পীদের কোনো ভৌগোলিক সীমা থাকতে নেই। মিলেমিশে থাকা এবং আদানপ্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত। আমার খুব ভালো লাগবে পাকিস্তানের কোনো সিনেমার অংশ হতে পারলে।”

বিশ্বে আলোচিত পাকিস্তানের হালের সিনেমা দ্য লিজেন্ড অব মাওলা জাঠের প্রশংসাও করেন করেন রণবীর। সিনেমাটি প্রধান দুই অভিনয়শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খান দুজনই ভারতীয় সিনেমায় অভিনয় করে গেছেন। মাহিরাকে দেখা গিয়েছিল রইসে শাহরুখ খানের নায়িকা হিসেবে; ফাওয়াদ খুবসুরাতে ছিলেন সোনম কাপুরের নায়ক। আরও কয়েকটি বলিউড সিনেমায়ও অভিনয় করেন ফাওয়াদ।

রণবীর কাপুর বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের সন্তান। তার বাবা ঋষি কাপুর, তার দাদা রাজ কাপুর ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি। রাজ কাপুরের বাবা পৃথ্বিরাজ কাপুরকে বলিউডের অগ্রদূত হিসেবে মনে করা হয়।

কাপুর পরিবারের আবাস ছিল বর্তমান পকিস্তানের পাখতুনয়োয়া প্রদেশে। রাজ কাপুর যখন ছোট, তখন পরিবারটি ভারতে চলে আসে।