১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই মাসের ইউরোপ সফরে জেমস, মাতাবেন ছয় শহর

ছয়টি শহরে পারফর্ম করবেন জেমস।

দুই মাসের ইউরোপ সফরে জেমস, মাতাবেন ছয় শহর
মাহফুজ আনাম জেমস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 03:50 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা মাহফুজ আনাম জেমস দুই মাসের সফরে ইউরোপ মাতাতে যাচ্ছেন।  ছয়টি শহরে কনসার্ট করবেন তিনি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন,"প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকেট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।"

রবিন জানিয়েছেন, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে এই সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ অগাস্ট সাইপ্রাসে, ওই  মাসের ১৬ তারিখে ইতালির রোমে, ২২ তারিখে ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তিনি।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।

পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।

২০০৬ সালে বলিউড চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ ‘ভিগি ভিগি’র গানটি গাওয়ার পর দেশ ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জেমস।

ওই বছরই মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন আ…মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।

‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’ ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘না জানি কোহি’ সহ বহু গানে কয়েক প্রজন্মের দর্শক শ্রোতা মাতিয়ে রেখেছেন জেমস।