Published : 22 Aug 2026, 11:00 PM
দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করে বলিউড অভিনেতা অর্জুন রামপাল জীবনের নতুন পর্ব শুরু করলেন।
গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে করেছেন তারা। যে আয়োজনে ছিল না কোনো জাঁকজমক।
এনডিটিভি জানিয়েছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার বিয়ের তারিখটি প্রকাশ না করে জানিয়েছেন, বিশেষ দিনের জন্য কোনো জমকালো পোশাকও বেছে নেননি এই দম্পতি। বিয়ের দিন বিকাল ৪টার দিকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন তারা। সঙ্গে তাদের কয়েকজন বন্ধু ছিলেন।
৫৩ বছর বয়সি অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের খবর সামনে আসে ২০১৮ সালে। এরপর একে একে তাদের দুই সন্তান পৃথিবীতে আসে।
তাদের প্রথম সন্তান এরিকের জন্ম হয় ২০১৯ সালে। ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।
অর্জুন বরাবরই বলেছেন, বিয়ের আনুষ্ঠানিকতা সারতে তাড়াহুড়ো করতে চাননা তারা।
গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্দানের খবর অর্জুন প্রকাশ্যে আনেন ২০২৫ সালে। এক বছর বাদে বিয়ে করলেন তারা।
এর আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, বিয়ের সম্পর্কের জন্য একটি কাগজকে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু মনে করেন না।
তিনি বলেছেন, “আমরা এমনিতেই নিজেদের বিবাহিত বলেই মনে করি। নিজেদের মধ্যে সম্পর্কটা উপভোগ করছি।”
তবে এও বলেছিলেন তিনি বিয়ে বিরোধী নন।
এর আগে অর্জুন বিয়ে করেছিলেন মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়াকে। ১৯৯৮ সালে তারা বিয়ে করেছিলেন। ওই সংসারে অর্জুনের দুই মেয়ে মহিকা ও মাইরা।
২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। মাঝেমধ্যে ইনস্টাগ্রামে চার সন্তানের সঙ্গে অর্জুনের সময় কাটানোর ছবি দেখা যায়।