মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে মামলা নিষ্পত্তির হার কম। প্রতিষ্ঠার নয় বছরে দায়ের করা ৩১৮টি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫১টি।
মামলা নিষ্পত্তির হার কম হওয়ায় পাহাড় কাটা, অনুমোদন ছাড়া আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ, নদী দূষণসহ পরিবেশ ধ্বংসের মতো গুরুতর অপরাধ করেও অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
যথাযথ তদন্ত না হওয়ায় দুর্বল অভিযোগপত্র এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অপরাধীরা লঘু দণ্ডের মধ্য দিয়ে পার পেয়ে যায় বলে মনে করেন অনেকে।
২০০২ সালে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালত প্রতিষ্ঠার পর গত নয় বছরে নিষ্পত্তি হওয়া ৫১টি মামলার অধিকাংশতেই চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেওয়া এবং সামান্য অর্থদণ্ড দিয়েই অপরাধীরা পার পেয়ে গেছেন।
শুধু পাহাড় কাটার ঘটনায় ২০০৬ সালে দায়ের করা একটি মামলায় অর্থদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫ বছর সাজা পেয়েছে অপরাধীরা।
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালত থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নয় বছরে ৩১৮টি মামলার মধ্যে ৫১টি নিষ্পত্তি এবং ৫৬টি মামলা বিচারিক হাকিম আদালতে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের মে মাস পর্যন্ত পরিবেশ আদালতে মামলা বিচারাধীন রয়েছে ২১১টি।
পরিবেশ আদালতের বিশেষ পিপি আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে বিচারক সঙ্কট থাকায় পরিবেশ আদালতের বিচার কাজ শেষ হতে অনেক বিলম্ব হতো। বর্তমানে সে পরিস্থিতি নেই।
"মামলার অভিযোগপত্র পাওয়া সাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে তা দ্রত শেষ করার চেষ্টা আমাদের রয়েছে", বলেন তিনি।
তবে দুর্বল অভিযোগপত্রের কারণে অনেক ক্ষেত্রে মামলা শেষ হলেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন অথবা অর্থদণ্ডের মতো লঘু শাস্তি হচ্ছে স্বীকার করে হান্নান বলেন, দুর্বল প্রতিবেদনের কারণে সাক্ষীর মাধ্যমে অপরাধ প্রমাণ করা রাষ্ট্রপক্ষের পক্ষে কষ্টকর হয়ে পড়ে।
আইনজীবী হান্নান জানান, বিভাগীয় পরিবেশ আদালতে অনেক পুরনো মামলার তদন্ত প্রতিবেদন আসছে না। এছাড়া মামলার পর উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ৩০-৩৫টির মতো মামলার বিচার কজ বন্ধ হয়ে আছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে পাহাড় কাটা আইন আরো শক্তিশালী করা এবং পরিবেশ অধিদপ্তর ও পুলিশের তদন্ত প্রতিবেদন আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
তবে অ্যাডভোকেট হান্নানের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাজমিনুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ আদালতে দায়ের করা অধিকাংশ মামলার বাদি পরিবেশ অধিদপ্তর। এর বাইরে থানায় দায়ের মামলাও রয়েছে।
"সংশ্লিষ্ট মামলার তদন্তের পাশাপাশি অধিদপ্তরের নিয়মিত কাজও করতে হয় আমাদের। তবে বিচার কাজ শেষ করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে", বলেন তাজমিনুর।
পরিবেশ আদালত থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মামলাগুলোর মধ্যে পাহাড় কাটা, অবৈধ ইটভাটা নির্মাণ এবং অবৈধ পলিথিন উদ্ধারের মামলার সংখ্যা বেশি। এর বেশি সংখ্যক মামলার বাদি পরিবেশ অধিদপ্তর।
হিসেব অনুযায়ী, ২০০২ সালে নিষ্পত্তি হওয়া তিনটি মামলা পাহাড় কাটার। এর দুটিতে আসামিদের অর্থদণ্ড এবং একটিতে খালাস দেওয়া হয়েছে। ২০০৩ সালে নিষ্পত্তি হওয়া চারটির মধ্যে তিনটিতে আসামি খালাস পেয়েছে। একটিতে হয়েছে অর্থদণ্ড।
২০০৪ সালের নিষ্পত্তি হওয়া ১৪টির ছয়টিতে অর্থদণ্ড হয়েছে। ২০০৫ সালের ৩৬টি মামলার মধ্যে ১২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টিতে অর্থ দণ্ড, দুটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় আসামিরা খালাস পেয়েছেন।
২০০৬ সালের ছয়টি নিষ্পত্তির মধ্যে পাহাড় কাটার একটি মামলায় একজনকে ৫ বছর কারাদণ্ড, ২ লাখ পাকা জরিমানা করা হয়। ২০০৯ সালে এ মামলার রায় হয়। এটি পাহাড় কাটা মামলার প্রথম সাজা।
২০০৭ সালে ৬০টির মধ্যে নিষ্পত্তি হয় সাতটি। এর মধ্যে সাজা একটিতে, অব্যাহতি ছয়টিতে। এ বছরের দায়ের করা মামলার মধ্যে ৩৮টি পাহাড় কাটার জন্য।
২০০৮ এর ৪২টি মামলার মধ্যে একটিতে অর্থদণ্ড এবং আরেকটিতে আসামিদের অব্যাহতি দেওয়া হয়। ২০০৯ এর ৫৭টি মধ্যে নিষ্পত্তি তিনটি। এর একটি অব্যাহতি, একটি খারিজ ও একটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
২০১০ ও ২০১১ সালের যথাক্রমে ৫৮ ও ২৭টি মামলা দায়ের হলেও কোনোটি নিষ্পত্তি হয়নি।
পরিবেশ আদালতের মামলার নিষ্পত্তির হার কম, শাস্তি কম হওয়া এবং তদন্ত প্রতিবেদন জমাদানে দীর্ঘসূত্রতায় ক্ষোভ চট্টগ্রামের পরিবেশবাদীদের।
পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদি ও তদন্ত কর্মকর্তার সঙ্গে অনেক ক্ষেত্রেই অপরাধীদের যোগসাজশ হয়। তখন আদালতে দুর্বল তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
"এতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং অন্যরা পাহাড় কাটাসহ অন্যান্য অপরাধ করে পরিবেশ ধ্বংস করে যাচ্ছে", বলেন তিনি।
পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে শক্তিশালী করার দাবি জানান শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২১৫ ঘ.
bdnews24