২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালকুড়িতে বর্জ্য থেকে হবে বিদ্যুৎ, প্রতি ইউনিটে খরচ ২০.৯১ সেন্ট

এ প্ল্যান্টে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়বে ২০ দশমিক ৯১ সেন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 10:46 PM

Updated : 01 Sep 2022, 10:46 PM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুড়ি এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট হচ্ছে, যেখানে উৎপন্ন হবে ৬ মেগাওয়াট বিদ্যুৎ।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ইউডি এনভায়নমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড, এভারব্রাইট এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনিক্যাল ইকুইপমেন্ট (চাংঝু) লিমিটেড এবং এসএবিএস সিন্ডিকেট কনসোর্টিয়ামের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে বিদ্যুৎ বিভাগ।

চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর ধরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে ওই কনসোর্টিয়াম। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়বে ২০ দশমিক ৯১ সেন্ট।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম অনুষ্ঠানে বলেন, শুধু সিটি করপোরেশন বা বড় শহরে নয়, প্রত্যন্ত গ্রামগঞ্জের ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা থেকে বিদ্যুত উৎপাদন করা হবে।

“গ্রাম-গঞ্জেও এখন প্রচুর বর্জ্য উৎপাদন হচ্ছে। যদি গ্রাম এলাকার উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না করা যায়, তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। নদী-নালা, খাল-বিল সবকিছু বর্জ্যের স্তূপে পরিণত হবে। এজন্য গ্রামের বর্জ্যগুলোকে সংগ্রহ করে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

“কিছু কিছু পৌরসভায় ছোট ছোট আকারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের অনুমোদন দেওয়া হচ্ছে । বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না। টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন যে প্রযুক্তি, তাতে আগের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। বেশি উৎপাদন করা গেলে অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে।”

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

নসরুল হামিদ বলেন, বহুমুখী উৎসের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। সৌর, বায়ু, পানি বা বর্জ্য নিয়ে গবেষণা চলছে। হাইড্রোজেন ফুয়েলও সরকারের পরিকল্পনায় রয়েছে।

“ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা চার্জিং গাইডলাইন তৈরি করে ফেলেছি। ইঞ্জিনের দক্ষতা বেশি হওয়ায় সাশ্রয়ীভাবে ইলেকট্রিক ভেহিক্যাল চালনা করা সম্ভব।”

নসরুল হামিদ বলেন, “বৈশ্বিক সঙ্কটের জন্য সারা বিশ্বেই জ্বালানির বাজারে অস্থিরতা বিদ্যমান। বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাচ্ছিল- এই যুদ্ধ তা বাধাগ্রস্ত করেছে। আগামী মাস বা তার পরের মাসে আরও ভালো অবস্থায় যাবে।”