২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপিতে যোগাযোগ খাত পাচ্ছে পৌনে এক লাখ কোটি টাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে প্রায় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে প্রস্তাবের খসড়া চূড়ান্ত করা হয়েছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 12:36 AM

Updated : 06 May 2023, 12:36 AM

যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনীতিতে ব্যয় সাশ্রয় ও প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণের মধ্যে নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আকারের খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন; যাতে এবারও একক খাত হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ।

কমিশন আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার নতুন এডিপির আকারের খসড়া ঠিক করেছে, যা চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। আর তা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

গত রোববার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।

প্রস্তাবিত এডিপিতে এবারও একক খাত হিসেবে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা বা মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ রাখা হয়েছে বলে প্রস্তাবিত খসড়ায় দেখা যায়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন এডিপিতে যোগাযোগ অবকাঠামো ও কৃষিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

এর কারণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “এখনও কৃষি খাতেই আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান। আবার সহজ যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে সেই কৃষি পণ্যই পাবে তুলনামুলক বেশি মূল্য। কৃষকের হাতে যাবে বেশি টাকা। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার মাধ্যমেই চাঙ্গা হবে জাতীয় অর্থনীতি।”

একক খাতে বরাদ্দের বেলায় গত কয়েক বছর ধরেই এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। চলতি ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ ছিল প্রায় ৭১ হাজার কোটি টাকা। এবার তা আরও প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে।

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এডিপিতে অভ্যন্তরীণ সম্পদ থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা বা মোট বরাদ্দের ৬৪ শতাংশ এবং প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি অর্থায়নের প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার কোটি টাকা বা মোট বরাদ্দের প্রায় ৩৬ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য সরকার ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। পরে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ও আমদানিনির্ভর প্রকল্পের গতি কমিয়ে দেওয়া হয়।

এতে এডিপি বাস্তবায়নে কিছুটা ধীরগতি দেখা দেয়। শেষ পর্যন্ত গত মার্চে এডিপি সংশোধন করে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

গত মার্চ পর্যন্ত সেই সংশোধিত এডিপির ৪১ শতাংশ বাস্তবায়ন অর্থাৎ ৯৮ হাজার ৫২১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে সরকার।

এমন প্রেক্ষাপটে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য সংশোধিত এডিপির চেয়ে প্রায় সাড়ে ৩৫ হাজার কোটি টাকা বা ১৫ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে খসড়া প্রস্তুত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগ।

এদিকে আগামী অর্থবছরে জন্য স্বায়ত্ত শাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৬৭৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থার প্রস্তাবিত এ বরাদ্দ চলতি অর্থবছরের বরাদ্দের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রস্তাবিত এডিপি অনুমোদন দেওয়া হতে পারে।

খসড়া এডিপির তথ্য দেখা যায়, পরিবহন ও যোগাযোগ খাতের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যা মোট বরাদ্দের প্রায় ১৭ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা বা ১১ দশমিক ৩৬ শতাংশ প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতে। চতুর্থ সর্বোচ্চ ২৭ হাজার ৪৫ কোটি টাকা বা ১০ দশমিক ২৮ শতাংশ প্রস্তাব করা হয়েছে গৃহায়ণ ও কমিউনিটি সুবিধা খাতের জন্য।

এরপরে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের জন্য ১৮ হাজার ৮৮০ কোটি টাকা বা ৭ দশমিক ১৮ শতাংশ, স্বাস্থ্য খাতের জন্য ১৬ হাজার ২০৪ কোটি টাকা বা ৬ দশমিক ১৬ শতাংশ। কৃষি খাতে দেওয়া হয়েছে ১০ হাজার ৭০৭ কোটি টাকা বা ৪ শতাংশ, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে দেওয়া হয়েছে ৫ হাজার ৩৬২ কোটি টাকা বা ২ শতাংশ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতের জন্য প্রস্তাব করা হয়েছে ৫ হাজার ৩২১ কোটি টাকা।

এছাড়া জনশৃংখলা ও সুরক্ষার জন্য ৩ হাজার ৪৩৬ কোটি টাকা, সামাজিক সুরক্ষা খাতের জন্য প্রায় ৩ হাজার ৩১৯ কোটি টাকা, ধর্ম, সংস্কৃতি ও বিনোদন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ২৯০ কোটি টাকা, সাধারণ সরকারি সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২ হাজার ১১৪ কোটি টাকা এবং প্রতিরক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ১১ কোটি টাকা।

পুরনো খবর:

সাড়ে ৭% কমিয়ে এডিপি সংশোধন, পুরোটাই কমেছে প্রকল্প সহায়তা
প্রস্তাবিত নতুন এডিপি: একক খাতে এবারও সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগে