নতুন ভবন তৈরির আগে ‘২০ বার ভাবুন’: প্রধানমন্ত্রী
দেশের সব কারাগার থেকে যেন ভার্চুয়াল আদালতে যুক্ত হওয়া যায়, সেই ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি ভবন নির্মাণের আগে তার প্রয়োজন আদৌ আছে কি না, তা যাচাই করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেক সভায় তিনি এমন নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ২০ বার চিন্তা করবেন।”
এদিন যুব উন্নয়ন অধিদপ্তরের ভবন নির্মাণের একটি প্রকল্প একনেক বৈঠকে উঠেছিল। সেটি অনুমোদন না করেই ফেরত পাঠানো হয়।
ওই প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নতুন ভবনের প্রয়োজন খতিয়ে দেখার পরামর্শ দেন।
মান্নান বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, “দেশে এতগুলো বিল্ডিং পড়ে আছে খালি। লোক নাই, লোকবলের অভাব। অনেকগুলো ঘর পড়ে আছে। এখন আবার নির্মাণ করবেন, এটা কেমন হবে। এখন থেকে ভবন নির্মাণের আগে ২০ বার চিন্তা করবেন।”
কারাগারে ভার্চুয়াল আদালত
দেশের সব কারাগার থেকে যেন ভার্চুয়াল আদালতে যুক্ত হওয়া যায়, সেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সংস্কার এবং নির্মাণের একটা প্রস্তাব একনেক বৈঠকে এলে তা নিয়ে আলোচনার সময় তিনি এ নির্দেশ দেন বলে পরিকল্পনামন্ত্রী মান্নান জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কারাগারগুলোতে যেন ভার্চুয়াল কোর্ট করার সুবিধা থাকে। (আসামিদের) আনা-নেওয়ায় ঝুটঝামেলা হয়, সময় লাগে, খরচ বেশি হয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মান্নান বলেন, দেশের সব কারাগারের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ফৌজদারি আইনে ছিল যে আসামির সামনে তাকে শুনতে হবে। এর বিকল্প হিসেবে আমরা অন্য আইনও করেছি। ভার্চুয়ালটাকে আমরা আইনে সম্মতি দিয়েছি। সেই সুবাদে এটা করা সম্ভব।”
করোনাভাইরাস মহামারীর সময় আইন সংশোধন করে ভার্চুয়াল বিচারের ব্যবস্থা নেওয়া হয় দেশে।
